ধর্ষণ রুখতে পাকিস্তানে জারি নয়া অর্ডিন্যান্স, রাসায়নিক প্রয়োগে নপুংসক করে দেওয়া হবে ধর্ষককে
সূত্রের খবর, মহিলা বা শিশুকে ধর্ষণের অপরাধ প্রমাণিত হলেই অভিযুক্তকে এই চরম শাস্তি দেওয়া হবে। যৌন নির্যাতনে শিকার মহিলাদের দ্রুত বিচার পাওয়া নিশ্চিত করতে দেশে বিশেষ আদালত গঠন করা হবে। এসব আদালত চার মাসের মধ্যে বিচার কাজ শেষ করবে। এই আইনের অধীনে প্রধানমন্ত্রী ধর্ষণবিরোধী একটি সেল গঠন করবেন। যারা ৬ ঘণ্টার মধ্যে আক্রান্ত নারীর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করবেন।
এই অর্ডিন্যান্সের আওতায় আক্রান্তের পরিচয় প্রকাশকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা হয়েছে। পুলিশ কিংবা সরকারি কর্মকর্তারা মামলার তদন্তে অবহেলা করলে তাদের ৩ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা বা পুলিশ মিথ্যা তথ্য দিলেও একই শাস্তির আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর মন্ত্রীসভার তরফে গতমাসে অধ্যাদেশটির অনুমোদন দেন এবং মঙ্গলবার প্রেসিডেন্ট আরিফ আলভি এটিতে স্বাক্ষর করেন। পরবর্তী ১২০ দিনের মধ্যে সংসদে উত্থাপনের মাধ্যমে এটিকে চূড়ান্তভাবে আইন হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে পাকিস্তান সরকার। ততদিন পর্যন্ত এই অর্ডিন্যান্সটি বলবৎ থাকবে।





Post a Comment