কুকুর কেন শোওয়ার আগে গোল হয়ে পাক খায়! জানুন কারণ
Odd বাংলা ডেস্ক: মানুষের সবচেয়ে প্রিয় পোষ্য কী? এ ব্যাপারে ফাইনাল লড়াইটা যে কুকুর ও বিড়ালের মধ্যে হবে, তাতে সন্দেহ নেই। সারাক্ষণ চোখের সামনে কুকুর ও বিড়ালের আশ্চর্য সব আচরণও আমাদের চোখে পড়ে। তেমনই এক কাণ্ড হল, কুকুর শোওয়ার আগে তার চারপাশে বৃত্তাকারে চক্কর মারে!
কেন এমন আজব কাজ করে তারা? আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘লাইভসায়েন্স’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই অভ্যাস আসলে বুনো কুকুরদের। প্রায় প্রাগৈতিহাসিক সময় থেকেই এমন কাজ করে তারা। জিনবাহিত হয়ে গৃহপালিত কুকুররাও এমন আচরণ করে। ‘ইফ ইউ টেম মি: আন্ডারস্ট্যান্ডিং আওয়ার কানেকশন উইথ অ্যানিম্যালস’ গ্রন্থের প্রণেতা কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেসলি ইরভিন জানিয়েছেন, এটা কুকুররা মূলত করে ‘নিরাপদ আশ্রয়’ তৈরি করার জন্য।
জঙ্গলে থাকা কুকুরদের জন্য তো আর কেউ সুন্দর বিছানা-বালিশ তৈরি করে দেয় না। তাই শোওয়ার জন্য তারা চার পা দিয়ে লম্বা ঘাস ও ঝোপকে চাপড়িয়ে ও মাড়িয়ে তাদের বিছানা তৈরি করে ফেলে। কেবল তাই-ই নয়, আশপাশের পোকামাকড়, সাপ ইত্যাদির থেকে নিজেদের রক্ষা করার জন্যও এই কাজ করে তারা। শোওয়ার আগে চারপাশটা সরেজমিনে পরীক্ষা করে নেওয়া আর কী।
এছাড়াও আরও একটি কারণ রয়েছে। এইভাবে কুকুরটি অন্য কুকুরদের কাছে বার্তা পৌঁছে দেয়, সে শোওয়ার জন্য এই জায়গাটি বেছে নিয়েছে।
বুনো কুকুরদের এই অভ্যাস রয়ে গিয়েছে ঘরের পোষা কুকুরদের ক্ষেত্রেও। সোফা বা নরম বিছানাতে শোওয়ার আগেও ঘুরপাক না খেয়ে শুতে পারে না তারা। হাজার হোক, হাজার হাজার বছরের অভ্যাস!





Post a Comment