ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, বৃক্ষরোপণ ও পতাকা উত্তোলনের মাধ্যমে অযোধ্যায় মসজিদ নির্মাণ প্রকল্পের সূচনা হবে


Odd বাংলা ডেস্ক: ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে নয়, বরং বৃক্ষরোপণের মাধ্যমে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অযোধ্যায় প্রস্তাবিত মসজিদ নির্মাণ প্রকল্পের শুভ সূচনা হবে। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনটিকেই এই শুভ কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। রবিবার দীর্ঘ বৈঠকের পর এমনটাই জানাল ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ)। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি করতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

রাম মন্দিরের নির্মাণস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে ধান্নিপুরে প্রস্তাবিত মসজিদটি তৈরি হতে চলেছে। মসজিদ নির্মাণকার্যের তত্ত্বাবধানে থাকা আইআইসিএফ এ নিয়ে রবিবারই বৈঠক করে। সেখানেই সর্বসম্মতিক্রমে ২৬ জানুয়ারি মসজিদ নির্মাণের সূচনা করার সিদ্ধান্ত নেন সংগঠনের ৯ ট্রাস্টি। 

পরে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, এলাকায় সবুজায়ন করাই তাঁদের লক্ষ্য। তার জন্য আমাজন বৃষ্টি অরণ্য, দাবানলে ভস্ম হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা এবং বিশ্বের নানা দেশ থেকে চারা এনে লাগানো হবে, যাতে জলবায়ু পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যায়’। হাসপাতাল, জাদুঘর, গ্রন্থাগার, বাগান, কমিউনিটি কিচেন, ইন্দো-ইসলামিক কালচারাল রিসার্চ সেন্টার এবং প্রকাশনী সংস্থা-সহ মসজিদ চত্বরের একটি নকশায় ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে অযোধ্যা জেলা প্রশাসন। মাটি পরীক্ষা করে নির্মাণকার্য শুরুর অনুমোদনের জন্য আবেদন জানানো হবে শীঘ্রই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.