রাতের অন্ধকারে বিজেপি নেতার ওপর গুলি, অভিযোগের তির তৃণমূলের দিকে
Odd বাংলা ডেস্ক: রবিবার রাতে আসানসোল এবং মালদহে দুই বিজেপি নেতাকে লক্ষ্য করে চলল গুলি। আসানসোলের ঘটনায় অল্পের জন্য রক্ষা পান বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।
তবে সেই সুযোগ হয়নি মালদহের বিজেপি নেতা সাদেক আলির। হাতে গুলি লেগে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি আছেন তিনি।
দলের কাজ সেরে রবিবার রাতে কলকাতা থেকে আসানসোলের বাড়িতে ফিরছিলেন কৃষ্ণেন্দু। ১১ টা ৩০ মিনিট নাগাদ হিরাপুর থানার বার্নপুর রোডে ডলি লজের কাছে বাড়িতে ঢোকার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। সিসিটিভিতে গুলি চালানোর দৃশ্যও ধরা পড়েছে। তারপরই সেখান থেকে পালিয়ে যায় হামলাকারীরা।
কৃষ্ণেন্দুর গাড়িতেও গুলি লাগে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ভাগ্যক্রমে রক্ষা পান বিজেপি নেতা।
ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। কৃষ্ণেন্দুর অভিযোগ, তৃণমূলের কাজ এটা। তিনি থাকলে এলাকায় সন্ত্রাস চালানো যাচ্ছে না বলেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের দাবি, কৃষ্ণেন্দুর উপর হামলার আশঙ্কাই ছিল। সমাজবিরোধীদের জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ ভিত্তিহীন। কোনও দুষ্কতীকে প্রশ্রয় দেয় না তৃণমূল। ব্যক্তিগত শত্রুতার জেরেও গুলি চালানো হতে পারে।





Post a Comment