নেতাজি আবেগকে চাঙ্গা করতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলাতে চলেছেন মোদী?
Odd বাংলা ডেস্ক:নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৩ জানুয়ারি শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন কলকাতায় দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। তার মধ্যে একটি কলকাতা জাতীয় গ্রন্থাগারে, অন্যটি ভিক্টোরিয়া মেমোরিয়ালে।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত দু’টি অনুষ্ঠানেই আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। আর সেখানেই কলকাতার ঐতিহ্যশালী ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী।
সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে হতে পারে নেতাজি মেমোরিয়াল। কেন্দ্রীয় সরকার নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে যে কমিটি গঠন করেছে, তাঁরাই এই নাম বদলের প্রস্তাব করেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য-দুই সরকারই। কিন্তু ভিক্টোরিয়ার নাম বদল এর মধ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ভিক্টোরিয়ার নাম বদলের ভাবনা অবশ্য নতুন নয়। কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদের নামে করার সময়ই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে রানি লক্ষ্মীবাঈ করার দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। যা নিয়ে বিতর্কও হয়েছিল তুমুল। কিন্তু নেতাজির প্রতি বাঙালির আবেগ বুঝেই ভোটের আগে এবার ভিক্টোরিয়ার নাম বদলের তোড়জোড় শুরু করে দিল মোদী সরকার।





Post a Comment