শীঘ্রই করোনা টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও


Odd বাংলা ডেস্ক: শীঘ্রই করোনার টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি সরকারি সূত্রে খবর, করোনা টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গেই দেশের বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীদের টিকা দেওয়া হতে পারে।

গত শুক্রবার প্রধানমন্ত্রী দেশ জুড়ে গণ টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন। প্রথম পর্যায়ে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ের প্রথম সারির যোদ্ধা অর্থাৎ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হয়েছিল। দ্বিতীয় পর্যায়ের টিকা দেওয়া হবে ৫০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের। মোদী-সহ দেশের অধিকাংশ অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীই সেই তালিকায় চলে আসছেন। তার মধ্যে থাকছেন, ৫০ বছরের বেশি বয়স্ক সাংসদ, বিধায়ক এবং অন্য নির্বাচিত জনপ্রতিনিধিরাও।

জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-এর অনুমোদন পেয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ‘কোভিশিল্ড’ এবং ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’। প্রথম পর্যায়ের গণ টিকাকরণে এই দুটি প্রতিষেধকই ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় পর্যায়েও সেই পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.