করোনার উৎপত্তির এক বছর ঘুরতেই ফের করোনার হানা চিনে, জারি হল লকডাউন
Odd বাংলা ডেস্ক: করোনার উৎপত্তি প্রথম শুরু হয়েছিল এই চিনের মাটিতেই। কিন্তু দ্রুত মহামারি নিয়ন্ত্রণে এনেও বিশ্বকে তাক লাগিয়েছিল চিন। তবে তার এক বছর ঘুরতেই ফের করোনার হানা চিনে। চিনের উত্তরের শহর শিজিয়াজুয়াংয়ে শতাধিক মানুষ সংক্রমিত হওয়ায় ১ কোটি ১০ লক্ষের বেশি মানুষকে লকডাউনের আওতায় নিয়ে এল বেজিং।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, রাজধানী বেজিংয়ের অদূরেই অবস্থিত শিজিয়াজুয়াং শহরের বাসিন্দাদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শহরে প্রবেশ ও প্রস্থানের সমস্ত রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। সেখানকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা করা হয়েছে। আরও জানা গিয়েছে, শহরজুড়ে ৫ হাজারের বেশি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। যাতে সব বাসিন্দার করোনা পরীক্ষা করা সম্ভব হয়।
প্রসঙ্গত ২০১৯ সালের শেষের দিকে চিনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। তারপর দ্রুত সেই মারণ জীবাণু গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই মারণরোগে আমেরিকার মতো উন্নত দেশেও কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু চিন সরকারের পরিসংখ্যান মতে সে দেশে মৃত্যুর সংখ্যা মাত্র হাজার পাঁচেক মতো। এছাড়া, দ্রুত সংক্রমণ থেকে মুক্তি পেয়ে উহান শহরও আপাতত নিজস্ব ছন্দে চলছে। এই পরিস্থিতিতে, ফের উদ্বেগ হেবেই প্রদেশের বাড়িয়েছে শিজিয়াজুয়াং শহর। ওই প্রদেশে বৃহস্পতিবার ১২০ জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে।





Post a Comment