ভারতের তৈরি টিকা রফতানি শুরু হলে, তা আগে পাবে কোন দেশ

Odd বাংলা ডেস্ক: ভারতের তৈরি করোনা টিকা রফতানি শুরু হলে সেগুলো পেতে অগ্রাধিকার পাবে শ্রীলঙ্কা। গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে এF আশ্বাস দিয়েছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয় থেকে গত বুধবার এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অনুরোধের প্রেক্ষিতে টিকা রপ্তানিতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি দু’দিনের সফরে শ্রীলঙ্কায় গিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

সফর চলাকালীন এক সৌজন্য সাক্ষাতে তাদের মধ্যে এই বিষয়ে কথাবার্তা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, আমরা এখন করোনা পরবর্তী সহযোগিতার দিকে নজর দিয়েছি। আমি ভারতের টিকা পেতে শ্রীলঙ্কার আগ্রহ সঙ্গে নিয়ে দেশে ফিরছি। এ সময় শ্রীলঙ্কান পররাষ্ট্রমন্ত্রী দিনেশ গুনাবর্ধনা বলেন, মহামারি সংকটের জরুরি মুহূর্তে ভারতের ‘প্রতিবেশী প্রথম নীতি’ আমাদের স্বাস্থ্যখাতে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলেছে।

শুধু শ্রীলঙ্কা নয়, ভারত তাদের ‘প্রতিবেশী প্রথম নীতি’-এর আওতায় বাংলাদেশসহ দক্ষিণ এশীয়ার প্রতিবেশীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা সরবরাহের আশ্বাস দিচ্ছে আগে থেকেই। চুক্তি থাকায় সৌদি আরব এবং মরক্কোও একই সময়ে পেতে পারে ভারতীয় টিকা।

গত সপ্তাহে একদিনেই দু’টি করোনা টিকার অনুমোদন দিয়েছে কেন্দ্র।একটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি, যা উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। আরেকটি ভারত বায়োটেকের নিজস্ব আবিষ্কৃত টিকা। অক্সফোর্ডের টিকা নিয়ে কোনো কথা না হলেও বিতর্ক শুরু হয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিয়ে। তৃতীয় ধাপের ট্রায়াল শেষ হওয়ার আগেই এর অনুমোদন দেওয়ার কড়া সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এর মাধ্যমে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.