হাতের আংটি জানাবে আপনি করোনা আক্রান্ত কিনা
Odd বাংলা ডেস্ক: আপনি করোনা আক্রান্ত কিনা তা জানাবে হাতের রিং (আংটি)। এ ধরনের স্মার্ট রিং তৈরি করেছে ফিনল্যান্ডের স্টার্টআপ কোম্পানি ‘অওরা’। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বাহ্যিক উপসর্গ প্রকাশ পাওয়ার আগেই কোভিড-১৯ রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তে সহায়তা করতে পারে অওরা রিং।
এই রিং হাতের আঙুল থেকে হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাসের হারের মতো জরুরি কিছু শারীরিক বিষয় ট্র্যাকিং করতে পারে। এছাড়া এটি প্রতিনিয়ত শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করতে পারে এবং গড় মিনিট হিসেবে তা প্রকাশ করে। বিশেষ ধরনের অ্যালগরিদম ব্যবহার হওয়ার কারণে এটি শরীরের তাপমাত্রা বুঝে কোভিড-১৯ রোগের সূচনার পূর্বাভাস দিতে পারে।
এ সংক্রান্ত গবেষণা ১৪ ডিসেম্বর (সোমবার) সায়েন্টিক রিপোর্টস জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণাটি করেছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এবং এমআইটি লিংকন ল্যাবের গবেষকরা। গবেষণায় অওরা রিং ব্যবহারকারীদের ডেটা পর্যালোচনায় দেখা গেছে, এটি কোভিড-১৯ রোগীদের নির্ভুলভাবে পূর্বাভাস দিতে পারে। এমননি যাদের বাহ্যিক উপসর্গ প্রকাশ পায়নি তাদের ক্ষেত্রেও প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারে।
গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে যে ৫০ জনকে রিংটি করোনার প্রাথমিক লক্ষণের পূর্বাভাস দিয়েছিল, পরবর্তীতে কোভিড-১৯ টেস্টে তাদের করোনা পজেটিভ ধরা পড়েছিল। এর মধ্যে অনেকেরই অন্য কোনো ধরনের উপসর্গ ছিল না।
করোনা আক্রান্ত বেশিরভাগ মানুষেরই প্রাথমিক অবস্থায় রোগটির উপসর্গ প্রকাশ পায় না। ভাইরাসটিতে সংক্রামিত হওয়ার পরও তারা শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন না। বাহ্যিক উপসর্গ প্রকাশ না পাওয়া এসব রোগীরাদের মাধ্যমেই সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়ে থাকে।
গবেষকদের মতে, ভাইরাসটির বিস্তার প্রতিরোধে সহায়ক করতে পারে অওরা রিং। এর ফলে কোভিড আক্রান্ত ব্যক্তিরা খুব দ্রুত প্রস্তুতি নিতে পারবেন এবং আইসোলেশনে যেতে পারবেন। প্রাথমিক অবস্থাতেই চিকিৎসকের শরনাপন্ন হতে পারবেন এবং সংস্পর্শে আসা ব্যক্তিদেরকে সতর্ক করতে পারবেন।
তবে গবেষকরা এটাও জানান যে, করোনা রোগী শনাক্তের জন্য এটি একটি নির্ভরযোগ্য ডিভাইস কিনা তা নিশ্চিত হতে আরো বড় পরিসরের গবেষণার প্রয়োজন রয়েছে। বাংলাদেশি টাকার হিসাবে অওরা রিং-এর দাম পড়বে প্রায় ৩৫ হাজার টাকা।





Post a Comment