অবশেষে স্বস্তির খবর, করোনা টিকা কোভিশিল্ড ও কোভ্যাক্সিনে অনুমোদন দিল ডিসিজিআই
Odd বাংলা ডেস্ক:‘কোভিশিল্ড ও কোভ্যাক্সিন-- সরকারিভাবে এই দুই ভ্যাকসিনেই অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার-জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই। এদিন সরকারিভাবে সাংবাদিক সম্মেলেনে এই দুই ভ্যাকসিনকেই জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
ডিসিজিআই জানিয়েছে, ‘কোভিশিল্ডের সুরক্ষা-নিশ্চয়তা ৭০ শতাংশের বেশি। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেডে স্টোর করা যাবে।’ প্রসঙ্গত, কোভিশিল্ড তৈরি করেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা। উৎপাদন হচ্ছে পুণের সিরাম ইন্সটিটিউটে। অন্যদিকে কোভ্যাক্সিন তৈরি করেছে ভারত বায়োটেক। সিরাম ইনন্সিটিউটের আদর পুনাওয়ালা এই খবরে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি ট্যুইট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ভ্যাকসিন মজুত করার যে ঝুঁকি সিরাম ইনন্সিটিউট নিয়েছিল, তার ফল মিলেছে। কোভিশিল্ড, ভারতের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদিত, নিরাপদ, কার্যকর এবং আগামী সপ্তাহগুলিতে চালুর জন্য প্রস্তুত।
ডিসিজিআই-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেন, 'করোনার বিরুদ্ধে উদ্দীপ্ত লড়াইকে আরও শক্তিশালী করবে এই মোড় ঘোরানো সিদ্ধান্ত। এই ঘোষণার ফলে সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের ভ্যাকসিনকে ডিসিজিআই অনুমোদন দেওয়ায় কোভিড-মুক্ত, সুস্থ দেশ গড়ে তোলার রাস্তা আরও সুগম হবে। অভিনন্দন ভারত। আমাদের বিজ্ঞানী ও উদ্ভাবকদের অভিনন্দন।' পাশাপাশি, জাইডাস ক্যাডিলার তৈরি জাইকোভ ডি-র তৃতীয় পর্যায়ের ট্রায়াল রান চলছে।





Post a Comment