স্বস্তির খবর, সম্ভবত শুক্রবারের মধ্যেই কলকাতায় চলে আসবে করোনার ভ্যাকসিন


Odd বাংলা ডেস্ক: খানিকটা হলেও স্বস্তি, সম্ভবত বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যেই, কলকাতায় আসতে পারে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বানানো ভ্যাকসিন। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এনিয়ে স্বাস্থ্যভবনে এই ব্যাপারে একটি উচ্চপর্যায়ের বৈঠকও হয়। সেখানে ওই ভ্যাকসিন বিলিবণ্টন, বিতরণ ও সংরক্ষণের প্রয়োজনীয় পরিকাঠামো এবং প্রকারপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাতে ঠিক হয়েছে, স্বাস্থ্য দপ্তর তার নিজস্ব মানবসম্পদ ও পরিকাঠামো ব্যবহার করেই প্রাথমিক পর্যায়ে এই জরুরি কাজটির দায়িত্ব সামলাবে।

ভ্যাকসিন বিমানবন্দরে পৌঁছনোর পরই স্বাস্থ্য দপ্তরের রেফ্রিজারেটেড বা ভ্যাকসিন ভ্যানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় সেগুলি বাগবাজারে মেডিক্যাল স্টোরে নিয়ে গিয়ে রাখা হবে। জেলাগুলিতে স্বাস্থ্য দপ্তরের যে সব ডিস্ট্রিক্ট রির্জাভ স্টোর রয়েছে, সেগুলিতেও পরে ভ্যাকসিন রাখা হবে। এগুলিতে -৩ ডিগ্রি বা -৪ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা রাখার ব্যবস্থাও রয়েছে। ড্রাই আইসও ভ্যাকসিনের সংরক্ষণে ব্যবহৃত হবে। ভ্যাকসিন যাবে কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজেও। স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানিয়েছেন, তাঁদের কাছে পর্যাপ্ত সংখ্যায় ভ্যাকসিন ভ্যান রয়েছে। একটাই সুবিধা, ধাপে ধাপে টিকাকরণ হবে। ফলে ভ্যাকসিন পরিবহণ তথা 'লজিস্টিক্সের' কাজটা সামাল দেওয়া সমস্যা হবে না।

এরই মধ্যে রাজ্য সরকার প্রথম দফায় এই ভ্যাকসিন দেওয়ার জন্য কোভিড যোদ্ধাদের তালিকা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে জেলাশাসক ও পুরসভাগুলির প্রশাসকদের। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জেলাশাসক ও পুরসভাগুলির কমিশনারদের সঙ্গে বৈঠক করে দ্রুত এই তালিকা তৈরি করতে বলে দেন। তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকার প্রথম দফায় বিনা পয়সায় কোভিড যোদ্ধাদের এই ভ্যাকসিন দিতে চায়। রাজ্য সরকার কোভিড যোদ্ধাদের একটা তালিকা তৈরি করেছে। আমরা চাই নিখুঁত হোক সেই তালিকা।' মুখ্যসচিব আরও জানান, এখনও কয়েকদিন সময় রয়েছে। পুরকর্মী, সাফাই কর্মী, স্বাস্থ্য কর্মী, রেভিনিউ কর্মী-যাঁরাই কোভিড যুদ্ধে সরকারের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন তাঁদের একজনের নামও যেন বাদ না-পড়ে। এই তালিকা ভালো করে পরীক্ষা করে সরকারি পোর্টালে আগামী দু'-একদিনের মধ্যেই তুলে দিতে হবে। যাতে কেন্দ্র এ নিয়ে রাজ্যের বিরুদ্ধে কোনও খামতির অভিযোগ তুলতে না পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.