সময় হয়েছে ভিন্ন ধর্মে এবং অসবর্ণ বিয়ে মেনে নেওয়ার, জানাল সুপ্রিম কোর্ট
Odd বাংলা ডেস্ক: এখন আর কেবল ভিন্ন ধর্মেই নয়, অসবর্ণ বিয়েও মেনে নেওয়ার সময় এসেছে বলে জানাল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের মন্তব্য, “কোনও পুরুষ বা মহিলার সম্পূর্ণ অধিকার আছে নিজের জীবনসঙ্গী পছন্দ করার। আর সেটা মেনে নিতে শিখতে হবে সমাজকে। এই শিক্ষার এখনই উৎকৃষ্ট সময়।”
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়কৃষ্ণ কৌল ও হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এক মামলার শুনানির সময় জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিয়ে মেনে নেওয়াটা খুবই জরুরি। এটি একটি সামাজিক অনুশীলনের মতো। অভিভাবকরা শুধু ভিন ধর্মে বিবাহের জন্য যদি নিজের সন্তানকে দূরে সরিয়ে দেন, তা কখনওই আদর্শ সামাজিক রীতি হতে পারে না।
কর্ণাটকের ভিন্ন ধর্মের এক অধ্যাপক-দম্পতি বাড়ির অমতে গিয়ে পালিয়ে বিয়ে করেন।সমস্যার সূত্রপাত সেখান থেকেই। মেয়েটির বাড়ি থেকে মেয়ে নিখোঁজের মামলা করায় ওই দম্পতি আদালতে আবেদনপত্র জমা দেয়। ওই দম্পতির বিরুদ্ধে এফআইআরের আরজিকে পত্রপাঠ খারিজ করে দিয়ে সুপ্রিম মন্তব্য, যখন দু’জন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ কোনও সম্পর্কে জড়ান, তখন কেবল তাঁদের বাবা-মা মেনে নিচ্ছেন না বলে তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা করা যায় না। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, যত সময় এগোচ্ছে, তত এই প্রজন্মের ছেলেমেয়েরা আরও বেশি করে নিজেদের জীবনসঙ্গী নিজেরাই খুঁজে নিচ্ছেন। যাঁরা পরিবারের অমতে বিয়ে করছেন, তাঁদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা পুলিশকে করতে হবে।
ভারতের মতো দেশে যেখানে এখনও লাভ জেহাদ বা ভিন ধর্মে বিয়ে করলে মা-বাবা দুঃখপ্রকাশ করেন, সেখানে সুপ্রিম কোর্টের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সমাজতত্ত্ববিদরা। সমাজের পাশাপাশি পুলিশকেও এই পরিস্থিতি সামাল দিতে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে দেশের শীর্ষ আদালত।





Post a Comment