মঙ্গলের কক্ষপথে ঢুকে পড়ল আরবি মহাকাশযান, বিরাট সাফল্যের পথে সংযুক্ত আমিরশাহী


Odd বাংলা ডেস্ক: ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরশাহী। মঙ্গলবার রাতে মঙ্গলের কক্ষপথে সফলভাবে প্রবেশ করল আরবি মহাকাশযান।পৃথিবীর কক্ষপথের বাইরে কোনও আরব দেশের এটাই প্রথম মহাকাশযাত্রা। আর প্রথম পদক্ষেত্রে এমন সাফল্যে রচিত হল ইতিহাস। গত সাত মাস ধরে ৩০ কোটি মাইল পথ অতিক্রম করে শেষ পর্যন্ত লক্ষ্যে সফল হল মহাকাশযান ‘আমাল’, আরবি এই শব্দের অর্থ ‘আশা’। 
 
পরিসংখ্যান বলছে, প্রায় ৬০ শতাংশ মঙ্গল অভিযানই কোনও না কোনও কারণে সাফল্যের মুখ দেখেনি। ফলে একটা উদ্বেগ তো ছিলই। শেষ পর্যন্ত আমাল সফলভাবে মঙ্গলের কক্ষপথে ঢুকে পড়ার পরই উল্লসিত দুবাইয়ে অবস্থিত দেশের মহাকাশ গবেষণা সংস্থার কর্মীরা। তার আগের মিনিট পনেরো ছিল রুদ্ধশ্বাস মুহূর্ত। তবে শেষ ভাল যার, সব ভাল তার। ইতিহাসে শামিল হতে পেরে উচ্ছ্বসিত যুবরাজ মহম্মদ বিন জায়েদ আলিও। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

দিন কয়েক ধরেই সাজো সাজো রব উঠেছিল দুবাইয়ে। পৃথিবীর সবচেয়ে উঁচু বাড়ি বুর্জ খলিফা-সহ দেশের ল্যান্ডমার্কগুলো সাজানো হয়েছিল লাল আলোয়। এদিকে আজই চিনের মহাকাশযানটি মঙ্গলের কক্ষপথেও ঢুকে পড়বে। আগামী মে মাস পর্যন্ত সেটি চক্কর কাটবে কক্ষপথে। তারপরে এর রোভার আলাদা হয়ে গ্রহটির পৃষ্ঠে অবতরণ করে সেখানে জীবনের চিহ্ন খোঁজার চেষ্টা করবে। অন্যদিকে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলের কক্ষপথে প্রবেশ করতে চলেছে মার্কিন মহাকাশযানও। এই তিন দেশের মহাকাশযানের তোলা ছবি ও অন্যান্য তথ্য থেকে মঙ্গল সম্পর্কে আরও কী কী অজানা দিক উঠে আসে এখন সেটাই দেখার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.