আন্তর্জাতিক নারী দিবসে ঘুচবে বৈষম্য,এই প্রথম সংবাদ উপস্থাপনা করবেন তৃতীয় লিঙ্গের নাগরিক
Odd বাংলা ডেস্ক: আন্তর্জাতিক মহিলা দিবসের আগে দৃষ্টান্তমুলক পদক্ষেপ গ্রহণ করল বাংলাদেশের বৈশাখী টেলিভিশন।কারণ এই প্রথম টেলিভিশনে সংবাদ পরিবেশন করবেন একজন তৃতীয় লিঙ্গের মানুষ। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নিউজ বুলেটিনের মাধ্যমে সংবাদ পরিবেশনা শুরু করবেন তাসনুভা আনান শিশির। বাংলাদেশে এই প্রথম কোনও তৃতীয় লিঙ্গের নাগরিককে এই সুযোগ করে দিল বৈশাখী টেলিভিশন।
বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের তরফে আরও বলা হয়, আগামী ৮ মার্চ থেকে তাসনুভা আনান নিয়মিত সংবাদ পাঠ করবেন। শিশির ছাড়াও বৈশাখী টিভিতে নাটকের সুযোগ পেয়েছেন একজন রূপান্তরিত নারী। তাঁর নাম নুসরত মৌ। বৈশাখী টিভির নাটক ‘চাপাবাজ’-এর একটি পর্বে দেখা যাবে তাঁকে।তাঁকে নিয়োগের পর বৈশাখী টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল দেশের মানুষের মুক্তি, সবার বাসযোগ্য, বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলা। স্বাধীনতার ৫০ বছরে গর্ব করার মতো অনেক কিছু অর্জন করা গেলেও বৈষম্যহীন ও সকলের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। অবহেলিত থেকেছেন যেসব জনগোষ্ঠী তাদের মধ্যে তৃতীয় লিঙ্গরা অন্যতম।
সম্প্রতি নারী-পুরুষ ছাড়াও তৃতীয় লিঙ্গের নাগরিকদের ভোটাধিকার দিয়েছে বাংলাদেশে সরকার। এ বার তৃতীয় লিঙ্গের মানুষদের গণমাধ্যমে কাজ করার সুযোগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল বৈশাখী টেলিভিশন।





Post a Comment