প্লাটফর্ম টিকিটের দাম এক ধাক্কায় ১০ থেকে ৩০ টাকা বাড়াল ভারতীয় রেল
Odd বাংলা ডেস্ক: সারা দেশের সমস্ত স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম একধাক্কায় ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করল ভারতীয় রেল। সেইসঙ্গে বাড়ানো হল স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন তথা প্যাসেঞ্জার ট্রেনের ভাড়াও। এত দিন সাধারণত ১০ টাকার টিকিট কেটেই ওই ট্রেনে ওঠা যেত। এবার থেকে তাতে উঠতে গেলে ৩০ টাকার টিকিট কাটতে হবে। করোনা পরিস্থিতিতে স্টেশন চত্বর এবং ট্রেনে ভিড় রুখতেই এই ‘সাময়িক’ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সাফাই রেলের। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রেলমন্ত্রকের বৈঠকে সম্প্রতি এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।
প্ল্যাটফর্ম টিকিট এবং স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের টিকিটের বর্ধিত মূল্য নিয়ে শুক্রবার রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টেশন চত্বরে ভিড় সামাল দেওয়ার দায়িত্ব ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারদের (ডিআরএম)। প্ল্যাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধির বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত।প্রসঙ্গত, বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ যাতে ট্রেনে না ওঠেন, তার জন্য এর আগে ফেব্রুয়ারি মাসেও স্বল্পদূরত্বের যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছিল।





Post a Comment