মহারণে দুই মহারথী, বাক্যবাণ অব্যাহত
Odd বাংলা ডেস্ক: একুশের মহারণে এবার নজরে নন্দীগ্রাম। একদিকে এই প্রথমবার নন্দীগ্রামে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে, প্রাক্তন দলনেত্রীর প্রতিপক্ষ হিসেবে BJP প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা বনাম শুভেন্দু লড়াই এবারের নির্বাচনের অন্যতম আকর্ষণ বলেই ধারণা পর্যবেক্ষক মহলের একাংশের। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় রোজ দিনই আক্রমণ শানাচ্ছেন শুভেন্দু। মঙ্গলবার প্রার্থী হওয়ার পর প্রথম নন্দীগ্রামে গিয়ে শুভেন্দুকে নিশানা করেছেন মমতা।
তারপরই নন্দীগ্রামের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রপাঠ নিয়ে সুর চড়িয়েছেন শুভেন্দু।
টুইটারে প্রাক্তন দলনেত্রীকে বিঁধে শুভেন্দু লিখেছেন 'এর আগে ভগবান রাম'কে একাধিকবার অপমান করেছেন মুখ্যমন্ত্রী। ভুল সরস্বতী মন্ত্র পাঠ করেছেন। ফের প্রকাশ্য জনসভা থেকে ভুল মন্ত্র পাঠ করলেন তিনি।এভাবেই বাংলার সংস্কৃতিকে বারবার অপমান করেছেন তিনি। যে বাংলাকে অপমান করে, তাকে বাংলার জনতা চায় না।' এই টুইটে মমতাকে ট্যাগও করেছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী।
উল্লেখ্য, BJP-র কেন্দ্রীয় নেতাদের বাংলা উচ্চারণ নিয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে তৃণমূলকে। এমনকী, কয়েকদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের ভুল ধরিয়ে সোচ্চার হয়েছিল ঘাসফুল শিবির। সেই প্রেক্ষিতে এদিন মমতার মন্ত্রোচারণ নিয়ে যেভাবে তাঁকে নিশানা করলেন শুভেন্দু, তা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।





Post a Comment