মহারাষ্ট্রে প্রতি ৩ মিনিটে একজন কোভিড আক্রান্তের মৃত্যু হচ্ছে!
Odd বাংলা ডেস্ক: গত বছরের মতো, করোনার দ্বিতীয় ঢেউ-এ বিধ্বস্থ মহারাষ্ট্র। সারা দেশের মধ্যে দৈনিক রেকর্ড সংক্রমণের গন্ডি পেরচ্ছে এই রাজ্য। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি মিনিটে রাজ্যে ২,৮৫৯ জন করোনা ভাইরাসের সংস্পর্শে আসছেন। গড়ে প্রতি ৩মিনিটে একজন মানুষ কোভিড আক্রান্ত মারা যাচ্ছেন।
রবিবার রাজ্যে দৈনিক সংক্রমণ অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে। নতুন করে ৬৮,৬৩১ জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। এই নিয়ে মোট ৩৮ লক্ষ ৩৯ হাজার ৩৩৮ জন কোভিড আক্রান্ত হলেন এই রাজ্যে। পাশাপাশি, রবিবার গোটা রাজ্যে মৃতের সংখ্যা ৫০৩ জন। এই নিয়ে করোনা আক্রান্ত হয়ে শুধু মহারাষ্ট্রে মারা গেলেন ৬০ হাজার ৪৭৩ জন। অন্যদিকে শুধুমাত্র বাণিজ্যনগরী মুম্বইতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৬৮ জন। যাঁদের মধ্যে মারা গিয়েছেন ৫৩ জন। এই নিয়ে মুম্বইয়ে কোভিড আক্রান্ত মৃতের সংখ্যা ছাড়াল ১২ হাজার ৩৫৪ জন।
তবে রবিবার, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ দাবি করেছেন, অক্সিজেনের অভাবে কোনও করোনা রোগী এই রাজ্যে মারা যাননি। রোগীর তরফে গাফিলতির কারণে, এবং সঠিক সময়ে চিকিৎসাধীন না হওয়ার কারণে মৃত্যু হচ্ছে বলে জানান তিনি। ইতিমধ্যেই জনতা কার্ফু জারি করা হয়েছে মুম্বইতে। অক্সিজেনের ঘাটতি দেখায়, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল ট্রেনে করে অক্সিজেন সরবরাহ করার। সেই অনুরোধ মেনে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানান, খুব শিগগিরই চালু করা হবে 'অক্সিজেন এক্সপ্রেস ট্রেন'।





Post a Comment