এই ৪ রাজ্য থেকে পশ্চিমবঙ্গে প্রবেশে লাগবে করোনা নেগেটিভ রিপোর্ট


Odd বাংলা ডেস্ক:
ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত এখন বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। একই অবস্থা পশ্চিমবঙ্গেরও। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার কড়া পদক্ষেপ হিসাবে চার রাজ্য অর্থাৎ মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা এবং তেলেঙ্গানা থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট। যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে টেস্ট করা হলে সেই রিপোর্ট গ্রাহ্য হবে। 

দেশের বর্তমান করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তা আমেরিকাকেও চ্যালেঞ্জ করছে। গত বছর সবচেয়ে ভয়াবহ সময়েও এই পরিস্থিতির ধারে কাছে ছিল না ভারত। আজ বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ২৩ হাজার বেশি। এই সংখ্যাটা দেশের সর্বকালের সর্বোচ্চ। 

আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ৭৩ হাজার ৮২৫ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৮৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের। যা সাম্প্রতিক অতীতে সর্বোচ্চ। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। ইতোমধ্যেই সেখানে ১৫ দিনের জনতা কারফিউ ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কায় গোটা দেশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.