Highlights:
২৪ ঘণ্টায় উত্তপ্রদেশে করোনার কবলে পড়েছেন ২৮ হাজারের বেশি মানুষ
পৃথক দেশ হলে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার পর বিশ্বের সবচেয়ে বড় দেশ হতো উত্তরপ্রদেশ।
রাজ্য হিসেবে সবচেয়ে সাংঘাতিক করোনার চিত্র উঠে আসছে উত্তরপ্রদেশ থেকে।
Odd বাংলা ডেস্ক: গত শুক্রবার ৫৮ বছরের নিরঞ্জন পাল করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যু হয়েছে তার অ্যাম্বুলেন্সে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নিরঞ্জনের পরিবারের সদস্যরা ছোটাছুটি করেছিল। কিন্তু কোনো হাসপাতালেই বেড মেলেনি।
গত ২৪ ঘণ্টায় উত্তপ্রদেশে করোনার কবলে পড়েছেন ২৮ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ১৬৭ জন। মহামারি শুরুর পর রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৮০ হাজারের বেশি। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে বাস্তবচিত্র হচ্ছে, করোনা শনাক্তকরণ কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক ভীড়, বেড না থাকায় হাসপাতালগুলো রোগী ফিরিয়ে দিচ্ছে, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে পোড়ানো হচ্ছে মৃতদেহ। সংক্রমণের হিসেবে প্রতিদিন রাজ্যের সংবাদ শিরোনাম হচ্ছে রাজধানী লখনৌ, কানপুর, বারনাসী ও এলাহাবাদের মতো বড় শহরগুলো।
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের বাসিন্দার সংখ্যা ২৪ কোটি। পৃথক দেশ হলে এটি চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার পর বিশ্বের সবচেয়ে বড় দেশ হতো। রাজনৈতিকভাবেও রাজ্যটির গুরুত্ব অনেক বেশি। ভারতের পার্লামেন্টে ৮০ জন এমপি রয়েছে উত্তর প্রদেশের। গুজরাটের বাসিন্দা হলেও খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাজ্যের আসন থেকে নির্বাচিত।
করোনায় আক্রান্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ তার বেশ কয়েক জন মন্ত্রী। তবে রাজ্যের পরিস্থিতি অস্বাভাবিক মানতে নারাজ তিনি। এলাহাবাদ হাইকোর্ট করোনা ভাইরাসের লাগাতার বৃদ্ধি দেখে পাঁচটি বড় শহরে ২৬ এপ্রিল অবধি সম্পূর্ণ লকডাউনের আদেশ দিয়েছিল৷ এর বিরুদ্ধে আপিল করেছিল যোগী সরকার। মঙ্গলবার শেষ পর্যন্ত আপিলের রায়ে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সরকারি হাসপাতালগুলোতে বেড না থাকায় অনেক রোগীকে মেঝেতেই থাকতে হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলো রোগী ভর্তি নিচ্ছেই না। সরকারি কাশিরাম হাসপাতালের বাইরে বসে কাঁদছিলেন এক নারী। বিবিসির সাংবাদিককে তিনি জানান, তার মাকে দুটি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ওই নারী বলেন, ‘তারা বলছে বেড খালি নাই। যদি বেড না থাকে তাহলে তাকে অন্তত মেঝেতে রাখুন, কিছুতো চিকিৎসা দিন। মুখ্যমন্ত্রী বলছেন পর্যাপ্ত বেড রয়েছে। এগুলো কোথায় দয়া করে আমাকে দেখান। দয়া করে আমার মায়ের চিকিৎসা করুন।’





Post a Comment