চলে গিয়েছে Yaas, কিন্তু এখনই কমবে না বৃষ্টি


Odd বাংলা ডেস্ক: ইয়াসের প্রভাবে সপ্তাহখানেক বৃষ্টিপাত হতে পারে কলকাতায়, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে শহর তথা শহরতলির অনেক অঞ্চলে। জানা গিয়েছে, বৃহস্পতিবার মেঘাচ্ছন্ন থাকবে শহরের আকাশ। এদিন শহরে এক থেকে দু-পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। গতকাল অর্থাৎ বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ঝাড়খণ্ড এবং ওডিশার সীমান্তে অবস্থান ছিল ইয়াসের। জানা গিয়েছে, পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে আরও শক্তি কমিয়ে নিম্নচাপে পরিণত হবে ইয়াস। এরপর উত্তর-পশ্চিম অভিমুখে সরে যাবে তা।

উল্লেখ্য, দফায় দফায় হওয়া বৃষ্টিপাতের জেরে এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। ওইদিন সকাল সাড়ে ছ'টা থেকে আজ সকাল সাড়ে ছ'টা অবধি প্রায় ৩২.৭ এমএম বৃষ্টিপাত হয়েছে কলকাতায়, এমনটাই দাবি আলিপুরের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.