কাঠফাটা রোদের হাত থেকে মুক্তি, আজও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
Odd বাংলা ডেস্ক: রবিবারের মুষোলধারায় বৃষ্টির পর থেকেই শহরে অস্বস্তিভাব অনেকটা কেটে গিয়েছে। সোমবারও বজায় থাকবে স্বস্তি। শুধু সপ্তাহের প্রথম দিনই নয়, আগামী পাঁচ দিন আবহাওয়া পরিবর্তন হচ্ছে না। ঝড়-বৃষ্টি চলবে গোটা সপ্তাহজুড়েই। এমনটাই খবর আলিপুর আবহাওয়া সূত্রে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। এদিন সারাদিন আংশিক মেঘলা থাকবে শহরের আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
এদিকে, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি কমতে শুরু করার ইঙ্গিতও দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টিতে ভাসবে উত্তর দিনাজপুরও। রাজ্যজুড়ে এই ঝড়-বৃষ্টির স্পেল চলবে আরও কয়েকটা দিন। এর প্রভাবে সামগ্রিকভাবেই তাপমাত্রা কমবে বাংলায়। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেও মিলবে রেহাই। কাঠফাটা রোদ উধআও হয়ে মেঘলা আকাশ থাকবে রাজ্যজুড়ে।





Post a Comment