আমফানের এক বছর পরই নয়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কেমন হতে পারে 'যশ'-এর গতিপ্রকৃতি
Odd বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় আমফান-এর বিপর্যয়ের ক্ষত এখনও পুরোপুরি সারেনি। আমফানের বছরখানেকের মাথায় রাজ্যে ফের আর এক ঘূর্ণিঝড় ‘যশ’-এর আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৩-২৫ মে বঙ্গোপসাগরীয় উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’। বুধবার এ নিয়ে রাজ্যকে সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নবান্ন।
রাজ্যের কাছে একটি সতর্কবার্তায় কেন্দ্র জানিয়েছে, উত্তর আন্দামান সাগর-সহ বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য এলাকার উপরে ২২ মে, শনিবার একটি নিম্নচাপ ঘণীভূত হতে পারে। তার পরের ৭২ ঘণ্টায় ওই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে। সেটি পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলবর্তী এলাকার এগোতে পারে বলে সতর্কবার্তা কেন্দ্রের। এর জেরে ২৫ মে, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝো়ড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি এবং কোথাও বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রের পূর্বাভাস, চলতি সপ্তাহন্তে বঙ্গোপসাগরীয় এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ওই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের জেরে ২৫মে, মঙ্গলবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কলকাতা লাগোয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলার দিঘা, শঙ্করপুরের মতো সামুদ্রিক এলাকায় আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড় ‘যশ’।
তবে রবিবার থেকেই আন্দামান এবং তার আশপাশে বঙ্গোপসাগরীয় এলাকায় ৪৫-৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনও কোনও জায়গায় হাওয়ার গতি ঘণ্টা প্রতি ৫০-৬০ কিলোমিটার বা সর্বোচ্চ ৭০ কিলোমিটারও হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলাদেশ এবং ওড়িশা উপকূলেও।





Post a Comment