প্রতি ১০ জন শিশুর মধ্যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে আবার সুস্থও হয়ে উঠেছে! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

Odd বাংলা ডেস্ক: করোনার তৃতীয় ঢেউ যখন শিশুদের নিয়ে চিন্তা বাড়াচ্ছে, তখন আরও দুশ্চিন্তা বাড়িয়ে একটি সেরো সার্ভের রিপোর্ট বলছে, মুম্বইয়ে ১৮ অনূর্ধ্বদের মধ্যে ৫১.১৮ শতাংশের দেহে ইতিমধ্যেই কোভিড-১৯-এর অ্যান্টিবডি রয়েছে! অর্থাৎ, তারা কোভিডে আক্রান্ত হয়ে সুস্থও হয়ে উঠেছে, কিন্তু উপসর্গ না থাকায় কোভিডের উপস্থিতি টেরও পাওয়া যায়নি!

দেশে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হলেও অপ্রাপ্তবয়স্করা এখনও টিকাকরণের আওতার বাইরে। সেক্ষেত্রে করোনার তৃতীয় ঢেউ এলে ১৮ বছরের কমবয়সিরাই বেশি আক্রান্ত হবে, এমন আশঙ্কা মানুষের মনে দানা বাঁধছে। 'ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স' অবশ্য জানিয়েছে, কোভিডের তৃতীয় ঢেউয়ে বাচ্চারা বেশি আক্রান্ত হবে, এমন কোনও প্রমাণ নেই। 

প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রেও বাচ্চারা আক্রান্ত হয়েছিল, কিন্তু ৯০ শতাংশ ক্ষেত্রে শিশুদের করোনা উপসর্গ প্রায় থাকে না, ফলে সংক্রমণ বোঝা যায় না। মুম্বইয়ের সেরো সার্ভে শিশু বিশেষজ্ঞদের এই মতকেই প্রতিষ্ঠা দিল।

বৃহন্মুম্বই পুরসভার এই সেরো সার্ভেতে ১ এপ্রিল থেকে ১৫ জুনের মধ্যে ২,১৭৬ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। দেখা গিয়েছে, ১০-১৪ বছর বয়সিদের ৫৩.৪৩ শতাংশের দেহে অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে, ১৫-১৮ বছর বয়সিদের ক্ষেত্রে সেরো পজিটিভিটির হার ৫১.৩৯ শতাংশ আর এক থেকে চার বছর বয়সিদের ক্ষেত্রে ৫১.০৪ শতাংশ। মার্চ মাসেও অপ্রাপ্তবয়স্কদের উপর একটি সেরো সার্ভে চালিয়েছিল বৃহন্মুম্বই পুরসভা। তখন সেরো পজিটিভিটির হার ছিল ৩৯.৪ শতাংশ, যা আগামী তিন মাসে অনেকটাই বেড়েছে। পুরসভার বক্তব্য, 'এটাই প্রমাণ করে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই অনেক বাচ্চা সংক্রামিত হয়ে সেরেও উঠেছে।' 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.