ছোটবেলায় নিয়েছিলেন বসন্তের টিকা, ৯৮ বছর বয়সে করোনার টিকা নিলেন বৃদ্ধ
Odd বাংলা ডেস্ক: সেই কোন ছোটবেলায় নিয়েছিলেন বসন্তের টিকা নিয়েছিলেন। তার দীর্ঘ সময় পর এ বার করোনার টিকা নিলেন শতায়ু হওয়ার পথে পা বাড়ানো মধ্য হাওড়ার বাসিন্দা সনৎ চট্টোপাধ্যায়। সোমবার বোস্টম পাড়ার তাঁর বাড়িতে গিয়ে ৯৮ বছরের বৃদ্ধকে টিকার প্রথম ডোজ দেন হাওড়া পুরনিগমের স্বাস্থ্যকর্মী।
করোনার সংক্রমণের জেরে খানিকটা দ্বিধা থাকলেও টিকা নেওয়ার ইচ্ছে ছিল। তবে দিব্যি হেঁটেচলে বেড়ালেও এই বয়সে বৃদ্ধের পক্ষে তা কতটা সুরক্ষিত, সে নিয়ে চিন্তায় পড়েছিলেন বাড়ির লোকজন। তাঁদের কথায়, “মানুষটা তো দিব্যি হেঁটেচলে বেড়াচ্ছেন। টিকা নিলে যদি শারীরিক সমস্যা দেখা দেয়!” যদিও চিকিৎসকদের মতে, “টিকা নেওয়ার ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। তাই সনৎ টিকা নিতেই পারেন। কিন্তু তার আগে বৃদ্ধের শারীরিক পরীক্ষার প্রয়োজন।”
জানা যায়, টিকা নেওয়ার আগে পর্যন্ত ইতস্তত করছিলেন বৃদ্ধ। বছরখানেকের বেশি সময় বাইরে বার হননি তিনি। তবে শেষমেশ টিকা নেওয়ার সিদ্ধান্ত নেন। শারীরিক পরীক্ষায় সব ঠিকঠাক থাকায় তাঁকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। টিকা নেওয়ার পর সনৎবাবু বলেন, “সেই ছোটবেলায় বসন্তের টিকা নিয়েছিলাম। তার পর আজ (সোমবার) কোভিডের টিকা নিলাম।”





Post a Comment