‘যশে’র পর অমাবস্যার ভরা কোটাল, ফুঁসছে সমুদ্র, উপকূলে ফের প্লাবনের আশঙ্কা
Odd বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় ‘যশ’ আছড়ে পড়েছিল ওড়িশায়।বাংলার উপকূলেও বেশ আঘাত হেনেছে। সেই সময় কোটালের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদীবাঁধ।ফলে জলের তলায় ডুবে গিয়েছিল বিস্তীর্ণ গ্রাম। আর এবার অমাবস্যার কোটালের ভ্রূকূটি।তার ফলে কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।তবে এ বিষয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী।নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থাও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আর ওই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে এবার প্রবেশ করবে বর্ষা, যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলি ভারী বৃষ্টিতে ভিজতে পারে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনিবারও উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। তার ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে।





Post a Comment