Odd বাংলা ডেস্ক: ভুয়ো টিকা (vaccine) কেন্দ্রে ভ্যাকসিন নিয়ে ফেলেছেন খোদ সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর। আর তাতেই পড়েছেন মহা বিপদে। ভ্যাকসিনের বদলে শরীরে ঢুকেছে অন্যকিছু। আর তাই চিন্তার শেষ নেই মিমির। মঙ্গলবার, ২২ জুন কসবার এক ভ্যাকসিনেশন সেন্টার থেকে টিকা নেন মিমি। তারপরে তাঁরই তৎপরতায় বুধবার জানা যায় ওই ভ্যাকসিনেশন ক্যাম্প আসলে ভুয়ো। এখন জানা যাচ্ছে ক্যাম্প থেকে দেওয়া টিকাও নাকি জাল । করোনা টিকার নামে পেটের রোগের ওষুধ নাকি দেওয়া হয়েছে মানুষকে।
ভুয়ো ক্যাম্পের মূল পাণ্ডা ধৃত দেবাঞ্জন দেবের বাড়ি থেকে এদিন পেটের রোগ সারানোর ওষুধ অ্যামিকাসিন (Amikasin) উদ্ধার করা হয়েছে। অভিযোগ, সেই অ্যান্টিবায়োটিক ওষুধই দেওয়া হয়েছিল টিকায়। সংবাদ মাধ্যমে মিমি জানান, আগে থেকেই তাঁর লিভারের সমস্যা ছিল। ভুয়ো টিকা নিয়ে যদিও এখনও পর্যন্ত তাঁর তেমন কোনও শারীরিক সমস্যা হয়নি। তবুও ঝুঁকি নিতে চান না মিমি। চিকিৎসকের পরামর্শে শুক্রবারই হাসপাতালে গিয়ে লিভার পরীক্ষা করাবেন তিনি। কসবার ওই ভুয়ো ভ্যাকসিনেশন সেন্টারে যাঁরা যাঁরাই টিকা নিয়েছেন তাঁদের সকলকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন জানিয়েছেন মিমি। তবে একইসঙ্গে পরামর্শ দিয়েছেন অযথা উদ্বেগ না করার।





Post a Comment