কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন উচ্চমাধ্যমিক টপার রুমানা
Odd বাংলা ডেস্ক: উচ্চ মাধ্যমিকে (HS) রাজ্যের প্রথম স্থানাধিকারী রুমানা সুলতানার মুকুটে নয় পালক। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল রুমানাকে। শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে রুমানাকে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী জানান, কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হবে রুমানাকে। উচ্চ মাধ্যমিকে ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়েছেন রুমানা।
জেলাশাসক এদিন জানান, 'আমরা খুবই গর্বিত। আমাদের জেলা থেকে একজন ছাত্রী প্রথম হয়েছে। একজন ছাত্র অষ্টম হয়েছে। দু'জনকে সংবর্ধনা জানালাম। রাজ্য সরকারের প্রকল্প কন্যাশ্রীর অ্যাম্বাসাডর করা হবে রুমানাকে। উনি যা অর্জন করেছেন, তাতে যাতে বাকি পড়ুয়ারা উদ্বুদ্ধ হয়, সেই প্রচেষ্টা চালানো হবে'।
এদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম স্থানাধিকারীর ধর্মীয় পরিচয় উল্লেখ করা নিয়ে তোলপাড় রাজ্যের শিক্ষা মহল। উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসের পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন মহলে। সংসদ সভাপতির পদত্যাগের দাবিতে এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বাইরে বিক্ষোভ দেখায় শিক্ষক ঐক্য মুক্ত। বিতর্কের আবহে এবার এ নিয়ে মুখ খুললেন মহুয়া দাস। তিনি জানান যে, রুমানা শিক্ষার রত্ন, এবং আবেগের বশেই তিনি এমন মন্তব্য করে ফেলেছেন।





Post a Comment