শেয়ার বাজারে ইতিহাস গড়ল Zomato, সংস্থার বাজারমূল্য গিয়ে দাঁড়াল ১ লক্ষ কোটিতে
মাত্র এক দশকের কিছু বেশি আগে যাত্রা শুরু জোম্যাটোর। তখনও ‘ডিজিটাল ইন্ডিয়া’র স্বপ্ন দেখেনি দেশ। সেই সময়ই ভোজনবিলাসীদের কথা মাথায় রেখে স্টার্টআপটি শুরু করেন পঙ্কজ চাড্ডা এবং দীপেন্দ্র গয়াল। পরবর্তীতে এতে বিনিয়োগ করে ইনফো এজ এবং চিনের অ্যান্ট গ্রুপ। শুরুতে ভাল রেস্তরাঁ এবং তার মেনু এবং খাবারের গুণমান নির্ধারণ করাই ছিল সংস্থার কাজ। ‘দুয়ারে খাবার’ পরিষেবা শুরু হয় পরে। বর্তমানে বিশ্বের ২৪টি দেশে খাবার সরবরাহে যুক্ত জোম্যাটো।
২০০৮ সালে স্টার্টআপ নিয়ে নামলেও, গত বুধবারই প্রথম শেয়ার বাজারে পা রাখে জোম্যাটো। শেয়ার প্রতি দাম রাখা হয় ৭৬ টাকা। কিন্তু শুক্রবার সকালে বাজার খুলতে নথিভুক্তিকরণ শুরু হলে, বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-এ তাদের প্রত্যেক শেয়ারের দাম বেড়ে ১১৫ টাকায় পৌঁছয়। অর্থাৎ এক দিনের ব্যবধানে ৫১.৩২ শতাংশ বৃদ্ধি।
বিএসই সূত্রে খবর, মোট ৯ হাজার ৩৭৫ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়ে জোম্যাটো। তা কেনার জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। এখনও পর্যন্ত ২ লক্ষ ১৩ হাজার কোটি টাকা ঘরে তুলেছে জোম্যাটো, যা শেয়ার বাজারের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।





Post a Comment