Odd বাংলা ডেস্ক: কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে ক্রমাগত সতর্ক করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে চিকিৎসক, বিজ্ঞানীরা। কিন্তু সাধারণ মানুষ তা খুব একটা কানে তুলতে নারাজ। তার প্রমাণ হিমাচল প্রদেশের সাম্প্রতিক ছবি। সেখানে ভিড় জমিয়েছেন লাখ লাখ পর্যটক। তৃতীয় ঢেউ নিয়ে এদিন ফের কড়া হুঁশিয়ারি দিল কেন্দ্র। বলল, আবহাওয়ার পূর্বাভাসের মতো এই সতর্কতাকে হালকাভাবে নিলে ভুগতে হবে।
তৃতীয় ঢেউ বিষয়ে এই নিয়ে তৃতীয়বার হুঁশিয়ারি দিল কেন্দ্র। প্রথমবার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন উত্তর পূর্বের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে একই হুঁশিয়ারি দেন মোদি। মঙ্গলবার বিকেলে তৃতীয় ঢেউয়ের কথা স্মরণ করিয়ে তৃতীয়বার সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তা ব্রিফিংয়ের সময় বললেন, ‘তৃতীয় ঢেউ নিয়ে সতর্কতা খুব হালকাভাবে নিচ্ছে লোকজন। আবহাওয়ার পূর্বভাসের মতো। তৃতীয় ঢেউ নিয়ে সতর্কতা গুরুত্ব দিয়ে দেখা উচিত।’ ওই স্বাস্থ্য কর্তা আরও বললেন, ‘সংবাদ মাধ্যমের একটি রিপোর্টে লোকজন বলেছেন, এতদিন জেলবন্দি মনে হচ্ছিল নিজেদের। তাই বেরিয়ে পড়েছেন।’
এদিনই প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, ‘এটা সত্যি, করোনা ভাইরাসের কারণে পর্যটন এবং ব্যবস্থা প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আজ আমি জোর দিয়ে বলছি, হিল স্টেশন কিংবা বাজারে মাস্ক না পরে এবং দূরত্ববিধি না মেনে জমায়েত হওয়া ঠিক নয়।’





Post a Comment