Odd বাংলা ডেস্ক: ৫ দিনের জন্য ছুটিতে কাশ্মীর গিয়েছিলেন। যাওয়ার সময় বিমানবন্দরে বলেও গিয়েছিলেন, কোনও কাজে নয়, বেড়াতে যাচ্ছেন। তবে বেড়াতে আর পারলেই কই! বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৫ দিনের ছুটিতে কাশ্মীরে থাকলেও তাঁর মন পড়েছিল কলকাতায়। সমতলে নেমেই তাই সাংবাদিক বৈঠক করে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
রাজ্য পুলিশের কনস্টেবল পদের চাকরিপ্রার্থীরা সোমবার দুপুরে ভবানী ভবনের সামনে বিক্ষোভে সামিল হন। তাঁদের সঙ্গে কথা বলেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। কিন্তু নিজেদের বিক্ষোভ জারি রাখেন চাকরিপ্রার্থীরা। প্রথমে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কথা হলেও পরে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। যার থেকে ধস্তাধস্তি শুরু হয়ে যায় তাঁদের মধ্যে। একসময় পুলিশকে লাঠি নিয়ে তাড়া করতে দেখা যায়।
পুলিশের লাঠিচার্জের ঘটনায় দিলীপবাবু রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, চাকরিপ্রার্থীরা চাকরি চাইতে গিয়ে মার খাচ্ছেন। পুলিশ তাঁদের লাঠি নিয়ে তাড়া করছে। নিজাম প্যালেসের কথা মনে পড়ে যাচ্ছে। পুলিশ সেখানে চোরেদের রক্ষা করছিল। সেই সুযোগে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা।





Post a Comment