টানা বৃষ্টিতে মহারাষ্ট্রে বন্যা-বিপর্যয়, মৃতের সংখ্যা পেরোল ১৪৯, নিখোঁজ ৬৪
Odd বাংলা ডেস্ক: টানা বৃষ্টিতে ক্রমশ বিপর্যয় বাড়ছে মহারাষ্ট্রে। ভূমিধস এবং বন্যার জেরে এখনও পর্যন্ত প্রায় ১৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ ৬৪ জন। মহারাষ্ট্র সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানান সাতারা এবং রায়গড় জেলা থেকে ৩৬টি অতিরিক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে রবিবার।
সরকারিভাবে জানানে হয়েছে, রায়গড় জেলা থেকেই ৬০ জনের মৃত্যুর খবর এসেছে, রত্নগিরি থেকে ২১ জনের, সাতারা থেকে ৪১ এবং থানে থেকে ১২ জনের মৃত্যু হয়েছে। মুম্বই এবং পুনে থেকেও উদ্ধার হচ্ছে মৃতদেহ। মহারাষ্ট্র সরকার জানিয়েছে, রত্নগিরি জেলার বন্যাকবলিত চিপলুন শহরে পাঁচটি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে।
এনডিআরএফের ২৫টি দল, এসডিআরএফের চারটি দল, কোস্টগার্ডের দুটি দল, নৌবাহিনীর পাঁচটি দল এবং সেনাবাহিনীর তিনটি দল ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ক্ষতিগ্রস্ত জেলাগুলিকে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। রবিবার বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন করেন তিনি। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন। জেলাগুলিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন।





Post a Comment