Odd বাংলা ডেস্ক: বিধানসভায় কিংবা সংসদে জনপ্রতিনিধিদের উগ্র তাণ্ডব কখনও গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। স্পষ্ট বলল, প্রতিবাদের অধিকার থাকলেও, তার জন্য সেখানে সরকারি সম্পত্তি নষ্ট অথবা ভাঙচুর করা অমার্জনীয় অপরাধ। ২০১৫ সালে কেরল বিধানসভায় হওয়া তাণ্ডবের জেরে দায়ের হওয়া মামলায় শীর্ষ আদালতের এই কড়া পর্যবেক্ষণে অস্বস্তিতে পড়ল সিপিএমও। কারণ, পশ্চিমবঙ্গে বাম জমানায় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় ভাঙচুর চালানোর অভিযোগ বার বার শোনা গিয়েছে তাদের মুখে। কিন্তু এ ক্ষেত্রে কেরলে কাঠগড়ায় সিপিএমের ছয় বিধায়কই।
অভিযোগ, ২০১৫ সালে কেরল বিধানসভায় অর্থ বিল পেশের সময়ে তার বিরোধিতায় কার্যত তাণ্ডব চালান সিপিএমের তৎকালীন ছয় বিধায়ক। ওই দক্ষিণী রাজ্যে বাম দলটি তখন বিরোধী আসনে। ক্ষমতায় পালাবদলের পরে ওই ছয় বিধায়কের নামে ফৌজদারি মামলা প্রত্যাহার করে নিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেরল সরকার। সোমবার সেই মামলার রায় সুপ্রিম কোর্ট দেয়নি। পরবর্তী শুনানি মুলতুবি রেখেছে পরের সপ্তাহের জন্য। কিন্তু এ দিন ওই মামলার শুনানি চলাকালীন বিষয়টি নিয়ে নিজেদের কড়া অবস্থান স্পষ্ট করে দিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং এম আর শাহের বেঞ্চ।





Post a Comment