ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের রেশন-চিকিৎসার দায়িত্ব রাজ্যের, নির্দেশ হাইকোর্টের
Odd বাংলা ডেস্ক: ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। সেইসঙ্গে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসা ও রেশন মেলার ক্ষেত্রেও রাজ্য প্রশাসন ও পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
২ মে রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই বাংলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব বিজেপি-সহ বাকি বিরোধী দলগুলো। রাজ্য প্রশাসন পদক্ষেপ না করায় আদালতের দ্বারস্থ হন আক্রান্তরা। ঘর ছাড়াদের ঘরে ফেরাতে কলকাত হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশনকে দায়িত্ব দেন। দিন কয়েক আগেই হাইকোর্টে রিপোর্ট জমা করে জাতীয় মানবাধিকার কমিশন। সেই রিপোর্টের ভিত্তিতেই এদিন মামলার শুনানি হয়।
এদিন পুলিশ প্রশানকে হাইকোর্টের নির্দেশ, ভোট পরবর্তী হিংসার যতগুলো অভিযোগ ছিল সব কটা রেকর্ড করতে হবে। যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের বয়ানও রেকর্ড করতে হবে পুলিশকে। একইসঙ্গে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নির্দেশ, ভোট পরবর্তী হিংসায় সকল আক্রান্তের কাছে রেশন পৌঁছে দিতে হবে। যদি কোনও আক্রান্তের কাছে রেশন কার্ড না থাকে, সেক্ষেত্রে রাজ্যকেই রেশন দিতে হবে।
এই মামলার পরবর্তী শুনানি ১৩ জুলাই। ভোট পরবর্তী হিংসায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তের মেয়াদও ১৩ জুলাই পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ।





Post a Comment