বাড়বে দুর্যোগ, রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

Odd বাংলা ডেস্ক: বুধবারের মতো আজও রাজ্যে দিনভর বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এদিকে, গতকালের বৃষ্টির জেরে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত জলে ভাসছে। আজ ফের বৃষ্টি হলে জল-যন্ত্রণা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি, দুই বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরেই রাজ্যে বৃষ্টি হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.