অসুস্থতার জল্পনা কতটা সত্যি, নিজেই জানালেন বাপ্পি লাহিড়ি
Odd বাংলা ডেস্ক: দিন কয়েক আগেই শোনা গিয়েছিল করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই নাকি অসুস্থ বাপ্পি লাহিড়ী। ফুসফুসে সংক্রমণ ছড়ানোয় কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন গায়ক। মাস খানেক ধরেই নাকি তাঁর কথা বলা বন্ধ। স্বাভাবিকভাবেই এমন খবর প্রকাশ্যে আসার পর থেকে ইন্ডাস্ট্রি তথা অনুরাগীমহলে বেজায় শোরগোল পড়েছে। তাহলে কি আর বাপ্পি লাহিড়ীর কণ্ঠে গান শোনা যাবে না?
কণ্ঠস্বর হারানোর জল্পনা উড়িয়ে বাপ্পি লাহিড়ির মন্তব্য, “অনুরাগী আর শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদে আমি একদম সুস্থ আছি। তবে খুব কষ্ট পেলাম যে আমার শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু ভুয়ো খবর রটেছে।” ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি খোদ এমনটা জানিয়েছেন।
‘বাপ্পিদা’কে নিয়ে ভুয়ো খবর রটায় ক্ষুব্ধ গায়ক শানও। দিলেন মোক্ষম উত্তর। তাঁর পোস্টের নিচে কমেন্ট করে শান জানান, “ভুয়ো খবর রটিয়ে মানুষ কী পায়, জানা নেই।” কিংবদন্তী সঙ্গীতশিল্পীর অসুস্থতার জল্পনা উড়িয়ে দিয়ে তাঁর পুত্র বাপ্পা লাহিড়ি জানান যে, দুর্গাপুজোর সময়ে বাপ্পি লাহিড়ীর সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর একটা গানের রেকর্ডিংও রয়েছে।





Post a Comment