ছানার দাম এবার অবিশ্বাস্য বেড়ে যাওয়ায় কোপ বিজয়ার মিষ্টিতে
ODD বাংলা ডেস্ক: সংবাদদাতা, পুরাতন মালদহ ও পতিরাম: মালদহে এবার ছানার দাম অবিশ্বাস্য বৃদ্ধি পাওয়ায় কোপ পড়ল বিজয়ার মিষ্টিতে। অন্যভাবে বলতে গেলে মিষ্টির দাম না বাড়িয়ে, সাইজ ছোট করে বিজয়ার মিষ্টি তৈরি করেছেন অনেক ব্যবসায়ী। স্বাভাবিকভাবেই একদিকে উৎসব যেমন পালন হয়েছে, তেমনি মিষ্টি তৈরিতে হেরফের করে বাঙালির মুখে মিষ্টির পরম্পরা ধরে রাখার চেষ্টা হয়েছে। তাই দশমীর দিন থেকে মিষ্টির দোকানে ভিড় উপচে পড়ে। একাদশীর দিনেও বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময়ে মিষ্টির দেদার বেচাকেনা হয়েছে। চড়া দামে ছানা কিনে বাঙালির মন বুঝে মিষ্টি তৈরি করে মিষ্টি ব্যবসায়ী মহল খুশি। বিজয়া দশমী উপলক্ষে ইংলিশবাজার থেকে পুরাতন মালদহ, চাঁচল, গাজোল জেলার সর্বত্রই মিষ্টিতে মজে যায় আপামর বাঙালি। এদিকে, বিজয়া উপলক্ষে বালুরঘাট শহরের বিভিন্ন মিষ্টির দোকানগুলিতে ভিড় উপচে পড়ে।
এবিষয়ে মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, বিজয়া উপলক্ষে মিষ্টি ভালো কেনাবেচা হয়েছে। তবে বিজয়ার মিষ্টিতে কোপ পড়েছে বলা যেতে পারে। ছানার দাম বৃদ্ধি হওয়ায় সাইজে একটু ছোট করা হয়েছে। সেই অর্থে মিষ্টির দাম বাড়ানো হয়নি। মালদহ মিষ্টি ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা শহরের সুকান্ত মোড়ের মিষ্টি ব্যবসায়ী নয়ন ঘোষ বলেন, বিজয়া উপলক্ষে কিছু স্পেশাল মিষ্টি বানিয়েছিলাম। চাহিদা ব্যাপক থাকায় প্রথম দিনেই মিষ্টি শেষ হয়ে গিয়েছে। গত বছর করোনা পরিস্থিতির কারণে মিষ্টির বাজার মন্দা ছিল। এবার ছানার দাম বৃদ্ধি পেলেও আমরা টিকে থাকার জন্য মিষ্টির দাম বাড়াইনি।
বালুরঘাট শহরের মিষ্টি বিক্রেতা চন্দন রায় বলেন, অন্যান্য দিনে মিষ্টি কেনার চাহিদা সেরকম না থাকলেও বিজয়াকে ঘিরে অনেকে মিষ্টি কিনতে ভিড় করেন। দুপুরের পর থেকে মিষ্টি প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর দু’ একদিন মিষ্টির চাহিদা বেশি থাকবে।
এবছর মালদহে ২০০ টাকা কেজি দরে ছানা বিক্রি হয়েছে। গত বছর সেই দাম ছিল ১০০-১২০ টাকা। এবছর চড়া দামে ছানা কিনেই মিষ্টি তৈরি করেছেন ব্যবসায়ীরা।
বিজয়া উপলক্ষে মালদহে রসগোল্লা ছয় থেকে ১০টাকা প্রতি পিস বিক্রি হয়েছে। লাড্ডু পাঁচ টাকা পিস, ছানা পোলাও এবং সীতাভোগ অনেক দোকানে দেখতে পাওয়া গিয়েছে। গড়ে ওই দুই মিষ্টান্ন ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। বালুরঘাট শহরের থানা মোড়, গৌড়ীয় মঠ, ডানলপ মোড়, বড় বাজার, উত্তমাশা সহ বিভিন্ন এলাকায় মিষ্টির দোকানে মানুষ ভিড় করে মিষ্টি কেনেন। শহরে বাদাম বরফি, কাজু বরফি, ব্যাসন বরফি, মোহন ভোগ, রাজভোগ, লাড্ডু, সন্দেশ, রসগোল্লা সহ নানান আইটেমের মিষ্টির চাহিদা বেশি দেখা গিয়েছে।





Post a Comment