২৫ কেজি চকোলেট দিয়ে তৈরি দুর্গার বিসর্জন হবে কীভাবে,অভিনব উদ্যোগে কলকাতার বেকারি
ODD বাংলা ডেস্ক: এবছর এক অভিনব দুর্গামূর্তি গড়ে তাক লাগিয়েছে কলকাতারই এক প্রসিদ্ধ বেকারি সংস্থা।তাঁরা তৈরি করেছে 'চকোলেট দুর্গা'।খাস বেলজিয়ান চকোলেটে তৈরি এই দুর্গাপ্রতিমার ওজন প্রায় ২৫ কেজি। সংস্থার পার্ক স্ট্রিটের আউটলেটে এই প্রতিমার দর্শন পেতে এবছর হাজির হন অসংখ্য মানুষ।
তবে, ২৫ কেজি ওজনের এই চকলেট প্রতিমা বিজয়া দশমীর পর কীভাবে বিসর্জন করা হবে, এই নিয়ে প্রশ্ন করা হলে, সংস্থারই এক মুখপাত্র জানান, দুধের মধ্যে এই চকলেট প্রতিমা বিসর্জন দেওয়া হবে। ফলে যে 'চকোলেট মিল্কশেক' তৈরি হবে, তা গরিব শিশুদের মধ্যে বিতরণ করা হবে।
চার ফুট উচ্চতা বিশিষ্ট এই দুর্গা প্রতিমাটি নির্মাণ করেছেন সেফ বিকাশ কুমার। এই প্রতিমা তৈরির কাজে হাত দেওয়ার আগে এই বিষয়টি নিয়ে বিস্তর গবেষণা করেছেন বিকাশ ও তাঁর সঙ্গীরা। এই কাজের জন্য একাধিকবার কুমোরটুলি গিয়ে সেখানকার প্রতিমা শিল্পিদের থেকে পরামর্শও নিয়েছেন তাঁরা।
এই প্রতিমা বানাতে বিকাশ ও তাঁর সঙ্গীরা এক সপ্তাহের কিছু বেশি সময় নিয়েছেন। মূর্তির গায়ে যাতে কোনও ফাটল দেখা না দেয়, তার জন্য প্রতিমা নির্মাণের সময় কোকো বাটার ব্যবহার করা হয়েছে।সংস্থার এই অভিনব ভাবনা স্বভাবতই মন কেড়েছে সাধারণ মানুষের।





Post a Comment