আফগানিস্তানে বাড়ি বাড়ি গিয়ে পোলিও টিকা দেওয়ার অনুমোদন


 

ODD বাংলা ডেস্ক:  আফগান স্বাস্থ্যকর্মীরা নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে পোলিও টিকা দেওয়া শুরু করবেন। দেশটির নতুন সরকার এই কর্মসূচিতে সম্মতি জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা। তিন বছরেরও বেশি সময় পর প্রথমবার দেশটির সব শিশুর জন্য এমন কর্মসূচি গ্রহণ করা হলো। প্রত্যন্ত ও দুর্গম এলাকাসহ দেশটির বিভিন্ন স্থানের ৩০ লাখেরও বেশি শিশুকে পোলিও টিকার আওতায় আনা হবে।


ডব্লিউএইচও এবং ইউনিসেফ পুরো দেশজুড়ে বাড়ি বাড়ি গিয়ে পোলিওর টিকা কার্যক্রমে তালেবান নেতাদের সমর্থনের বিষয়টিকে স্বাগত জানিয়েছে। গতকাল সোমবার এক বিবৃতিতে সংস্থা দুটি তালেবান সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানায়।


জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, চলতি বছরের শুরুতে আফগানিস্তানে পোলিও ভাইরাসের একটি কেস শনাক্ত করা হয়। এই ঘটনা পোলিও নির্মূলের অসাধারণ একটি সুযোগকে বাধাগ্রস্ত করেছে বলে উল্লেখ করা হয়। সংস্থা দুটি বলছে, দেশের মধ্যে পোলিওর উল্লেখযোগ্য পুনরুত্থান রোধ করতে এবং সীমান্ত ও আন্তর্জাতিক সংক্রমণের ঝুঁকি হ্রাস করার জন্য এখন পোলিও টিকা দেওয়া চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


বিশ্বের সর্বশেষ দেশ হিসেবে আফগানিস্তান এবং পাকিস্তানের স্থানীয় পর্যায়ে এখনও পোলির অস্তিত্ব রয়েছে। নিরাময়যোগ্য হলেও এটি একটি অতি সংক্রামক রোগ। ভয়াবহ এই রোগের কারণে শিশুরা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। কয়েক দশক ধরে বিশ্বব্যাপী টিকার মাধ্যমে পোলিও নির্মূল করা সম্ভব হয়েছে তবে নিরাপত্তাহীনতা, দুর্গম এলাকা, ব্যাপকহারে লোকজনের বাস্তুচ্যুত হয়ে পড়া এবং বাইরের দেশের হস্তক্ষেপের কারণে আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু এলাকায় টিকা কর্মসূচি বাধাগ্রস্ত হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.