শপিং মলে কষ্টের গান বাজতেই রেগে আগুন তরুণী
ODD বাংলা ডেস্ক: প্রত্যেক মানুষের পছন্দ আলাদা। কারো ক্লাসিক্যাল পছন্দ, কারো জ্যাজ, তো কারো আবার পছন্দ হিপহপ। দুঃখের গান শুনতেও অনেকে ভালোবাসেন। তবে মার্কিন তরুণীর যে তাতে এত আপত্তি থাকতে পারে তা বোঝার সাধ্য আগে থেকে শপিং মলের কর্মচারীদের ছিল না। এমনিতে তরুণী ঠিকই ছিলেন। নির্দিষ্ট একটি গান বাজতেই চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন। কর্মীরা এসে তাকে শান্ত করার চেষ্টা করেন। তবে তাতে লাভ বদলে ক্ষতিই বেশি হয়।
তরুণী আরো রেগে যান। কর্মীদের বলেন, অবিলম্বে সেই গান বন্ধ করে অন্য গান চালাতে হবে। কর্মীরা তাকে জানান, এত তাড়াতাড়ি প্লে-লিস্ট পালটানো যাবে না। এতে ক্ষিপ্ত হয়ে তরুণী শপিং মলের কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বাধ্য হয়ে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসেও তরুণীকে শান্ত করতে পারেনি। বরং তার রাগ সপ্তমে পৌঁছে যায়। উপস্থিত অফিসার তাকে ব্যবহার সংযত করতে বলতেই তাদের উপরে চিৎকার করতে থাকেন তরুণী। অফিসার তাকে মলে থেকেই বিষয়টি মিটিয়ে নিতে বলেছিলেন। তার জেরে তরুণী অফিসারের বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। তাকে মল থেকে বের করে দেওয়ার চেষ্টা চলে বলেও অভিযোগ করেন। এরপরই তরুণীকে গ্রেফতার করা হয়।
হাজতে থেকেও তরুণীর ব্যবহারে কোনো পরিবর্তন আসেনি। জামিনে ছাড়া পেয়ে পুলিশ স্টেশনে তাণ্ডব করতে থাকেন তিনি। সেখানেও গালিগালাজ করতে থাকেন। আবারো গ্রেফতার করা হয় তরুণীকে। দ্বিতীয়বার হুঁশিয়ারি দিয়ে ছাড়া হয় তাকে।





Post a Comment