চুরি করার জন্য ১০ কেজি ওজন কমালো চোর, হাতিয়ে নিলো সাড়ে ৪২ লাখ
ODD বাংলা ডেস্ক: চোরেরা চুরি করতে একাধিক পদ্ধতির অবলম্বন করে থাকে। অনেক সময় তদন্তে নেমে তা দেখে অবাক হয়ে যান গোয়েন্দারাও। চোরের খোঁজ পেতে অনেক সময়ই হিমশিম খেতে হয় পুলিশকে। এসব কথায় মাথায় রেখেই বোধহয় আহমেদাবাদের এই চোর নিজের মালিকের বাড়িতে চুরি করতে বেছে নিল অভিনব পথ। কমিয়ে ফেলল নিজের ১০ কেজি ওজন।
নাম তার মতিসিং চৌহান। মতিসিং চৌহান উদয়পুরের বাসিন্দা। সে দুই বছর ধরে কাজ করেছে বোপালের বসন্ত বাহার সোসাইটির মোহিত মারাদিয়ার বাড়িতে। ঘরের বিভিন্ন কাজে বাকিদের সে সাহায্য করত ফলে ঘরের আনাচকানাচে কী আছে, তা খুব ভালো ভাবেই জানত সে। আর এই বাড়িতেই পরে চুরি করার পরিকল্পনা করে মতিসিং।
বাড়িতেই কাজ করার সুবাদে মতিসিং জানতো বাড়ির দরজা ডিজিটাল এবং বাড়ির সামনে ও পিছনে সিসিক্যামেরা লাগানো আছে। তাই এসব এড়িয়ে জানলা দিয়ে বাড়ির ভেতরে ঢোকার পরিকল্পনা করে সে।
যেমন ভাবা তেমন কাজ, ৩৪ বছর বয়সী এই ব্যক্তি ৫ নভেম্বর পূর্বতন মালিকের বোপালের এই বাড়িতে চুরি করতে আসে। সঙ্গে আনে একটি তোয়ালে ও করাত। রান্না ঘরের জানালা ভেঙে ঢোকে ভারতীয় টাকার ৩৭ লাখ টাকার জিনিস চুরি করে বেরিয়ে যায়। যা ভারতীয় টাকায় ৪২ লাখ ৭৪ হাজারেরও বেশি।
এই পুরো কাজটা করার জন্য ১০ কেজি ওজন কমায় সে। যা শুনে অবাক সবাই। এর কারণ হিসেবে সে পুলিশকে ধরা পড়ার পর জানায়, যেহেতু দরজা ভাঙা যেত না এবং রান্না ঘরের ছোট জানলা দিয়ে তাকে প্রবেশ করতে হত ঘরে, তাই রোগা হতেই হত তাকে। এই বসন্ত বাহারের বাড়িতে চুরি করবে বলে দিনে একবার মাত্র খেয়ে, ৭৫ থেকে ৬৫ কেজিতে নিজেকে এনেছিল মতিসিং। তার পরই সে চুরি করতে যায়।





Post a Comment