বরফখণ্ডের সঙ্গে ভালুকের খেলা নিয়ে যত কাণ্ড
ODD বাংলা ডেস্ক: টানা কয়েকদিন বৃষ্টির পরে অবশেষে রোদের দেখা। সেই সঙ্গে তাপমাত্রাও অনেক। হাঁপিয়ে উঠছে মানুষ। গরমের কাহিল অবস্থা সবার। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সাফারি পার্কে গরমকে হারাতে জোর চেষ্টা চালাচ্ছে কালো ভালুক ড্যাডি।
প্রচণ্ড গরমে হিমালয়ের কালো ভালুক খেলছে বরফখণ্ড নিয়ে। এটা নিয়ে জলে আপনমনে এপাশ ওপাশ করে খেলছে। এই গরমে তার শুধুই স্বস্তির খোঁজ। দিনভর সাফারি পার্কে একাই আনন্দে থাকে ড্যাডি।
জানা যায়, ২০১৮ সালে সিকিমের জুলজিক্যাল পার্ক থেকে শিলিগুড়ির কাছের বেঙ্গল সাফারি পার্কে আনা হয় ভালুক দুটিকে। একটির নাম 'ড্যাডি', অন্যটির নাম 'ফুরবু'। সাধারণত কম তাপমাত্রায় বেড়ে ওঠে কালো ভালুকরা। কিন্তু তাপমাত্রা বাড়ায় কাহিল হয়ে পড়ে 'ড্যাডি'। সাফারি পার্কের বনকর্মীদের নজরে আসতেই দুইটি বরফের টুকরা দেওয়া হয় কালো ভালুক এনক্লোজারে। একটি মাথায় নিয়ে আর অন্যটি পায়ের নিচে নিয়ে কিছুটা স্বস্তি পায় সে।
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ জানান, তাপমাত্রা বেড়ে যাওয়ায় কালো ভালুকের এনক্লোজারে খোঁজ নেয়া হয়। প্রচণ্ডে গরমে হাঁপিয়ে উঠছিল সে। আর তাই দেওয়া হয় বরফের টুকরা। তারপরই খেলায় মেতে ওঠে 'ড্যাডি'।
নাদুসনুদুস ভালুকটির ভিডিও ভারতীয় গণমাধ্যম এএনআই টুইটারে পোস্ট করার পর ছড়িয়ে যায় দ্রুত। একজন মন্তব্য করেছেন, ওয়াও, সো কিউট! শেষ পর্যন্ত ভালো কিছু দেখলাম।





Post a Comment