চমক দিতে পারেন ওড়িশার সুয়ারেস!
ODD বাংলা ডেস্ক: গত মরসুমে সবার শেষে ছিল ওড়িশা এফসি। কিন্তু শেষ ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে ৬-৫ হারিয়ে চমকে দিয়েছিল তারা। নতুন কোচ ফ্রান্সিসকো রামিয়েরেস গঞ্জালেস (কিকো) দল গড়ার সময় তারুণ্যের উপরেই আস্থা রেখেছেন। যুব দল থেকে নিয়েছেন ১৯ বছর বয়সি আকশুনা ত্যাগীকে। এটিকে-মোহনবাগান ছেড়ে ওড়িশায় যোগ দিয়েছেন অভিজ্ঞ হাভিয়ের হার্নান্দেস। সই করেছেন ব্রাজিলীয় স্ট্রাইকার জোনাথন জেসুস। মাঝমাঠে শক্তি বাড়াতে লা লিগায় মায়োরকার হয়ে খেলা ৩২ বছর বয়সি আরিদাই সুয়ারেসকে নিয়েছেন ওড়িশা কর্তারা। রয়েছেন বিনীত রাইয়ের মতো প্রতিশ্রুতিমানও। ২৪ নভেম্বর প্রথম ম্যাচে ওড়িশার প্রতিপক্ষ সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি।
তুরুপের তাস: রিয়াল মাদ্রিদ যুব দলের প্রাক্তনী হাভিয়ের হার্নান্দেস এ বার ওড়িশা মাঝমাঠের প্রধান ভরসা। ঠান্ডা মাথায় খেলা তৈরি করেন। নিখুঁত পাস দেন। দূর পাল্লার শটে গোল করতে দক্ষ। ২০১৯-’২০ মরসুমে আইএসএল ফাইনালে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে এটিকের হয়ে জোড়া গোল করেছিলেন।
কিকোর পরীক্ষা: ৫১ বছর বয়সি কিকো স্পেনের একাধিক ক্লাবে কোচিং করিয়েছেন। পোলান্ডের সর্বোচ্চ লিগের দল উইসলা কারকাওয়ের দায়িত্বেও ছিলেন তিনি। ৪-২-৩-১ ছকে আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র তাঁর। কিকোর কোচিংয়ে অষ্টম আইএসএলেও চমক দিতে তৈরি ওড়িশা।





Post a Comment