চারটি অভ্যাস বদলে চিরদিনের জন্য বিদায় জানান ব্রণকে
ODD বাংলা ডেস্ক: ব্রণ এমন একটি সমস্যা যা নারী-পুরুষ উভয়েরই হয়ে থাকে। শুরুতেই যে এই সমস্যা দেখা দেয় তা কিন্তু নয়, বয়ঃসন্ধি পার করার পর থেকে ব্রণ হয়ে থাকে। তবে তা সবার ক্ষেত্রে নয়। কারো কারো এই সমস্যা তীব্র হয়ে দেখা দেয়। একবার ব্রণ হলে তা সহজে দূর হতে চায় না। বেশ অনেকটা বয়স পর্যন্ত এই সমস্যা চলতে থাকে।
দেখা যায়, ব্রণ কমাতে নানা রকম ঘরোয়া টোটকা অনুসরণ করেও তেমন লাভ হচ্ছে না। কিছু সময় যেতেই আবারো ব্রণের সমস্যা দেখা দিচ্ছে। তবে এক্ষেত্রে সমস্যা কমানোর চেয়ে সমস্যা একেবারে সমূলে উপড়ে ফেলাই ভালো। কারণ ব্রণের সমস্যার শিকড় কিন্তু লুকিয়ে আপনার অভ্যাসেই। তাই নিজের চারটি অভ্যাস বদলে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যান বিরক্তিকর ব্রণ থেকে। চলুন জেনে নেয়া যাক সে অভ্যাসগুলো সম্পর্কে-
শরীরচর্চার পর স্নান না করা
শরীরচর্চা করার সময় অনেকই একটু আঁটসাঁটো জামা-কাপড় পড়েন। ফলে গায়ের ঘাম জামাকাপড়ে আটকে যায়। তাই শরীরচর্চার পর ঘাম শুকিয়ে স্নান করে মুখ ধুয়ে নেয়া উচিত। নাহলে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটতে পারে।
অপর্যাপ্ত ঘুম
একজন পূর্ণ বয়স্ক মানুষের ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন আছে। অনেকেই এর চেয়ে কম ঘুমিয়ে থাকেন। আর সেই কারণে শরীর থেকে ঠিকমতো হরমোন নিঃসরণ ঘটে না। তা থেকেও ব্রণ হতে পারে। ভালো ঘুমের জন্য ও শরীরে হরমোনের তারতম্য ঠিক রাখার জন্য নিয়মিত শরীরচর্চা করুন।
অতিরিক্ত রোদ লাগানো
দিনের মধ্যে কোনো একটা সময়ে গায়ে রোদ লাগানো ভালো। কিন্তু সেটা সময় মেপেই হওয়া বাঞ্ছনীয়। অতিরিক্ত রোদ লাগালে ত্বকে প্রদাহ, সানবার্ন ইত্যাদি হতে পারে। এমনকি ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। ফলে অতিরিক্ত ঘাম ও ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা দিতে পারে।
অস্বাস্থ্যকর ডায়েট
ভাত খেতে ভালোবাসেন? কিংবা রুটি? কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি পরিমাণে খেলেই কিন্তু ব্রণের সমস্যা বাড়বে! অবশ্য দুগ্ধজাত খাবার খাওয়ার ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে একই কারণে! সেই সঙ্গে আইসক্রিম, চকলেট কিংবা জাঙ্কফুড খাওয়ার অভ্যাসও ত্যাগ করতে হবে। তার বদলে ডায়েটে রাখুন ফল-শাক-সবজি।





Post a Comment