দেশসেরা অলস খোঁজার প্রতিযোগিতা, আছে লোভনীয় পুরস্কারও
ODD বাংলা ডেস্ক: বড় মাঠ আর গাছের ছায়ায় সারি সারি বিছানা বিছানো। আর তাতে কেউ শুয়ে আছে, কেউ চোখ বন্ধ করে আছে আবার কেউ কেউ ঘুমে আচ্ছন্ন। কে দেখে বলবে এরা কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছে? শুনতে কাল্পনিক মনে হলেও মন্টিনিগ্রোতে তা বাস্তবে পরিণত হয়েছে।
সবাই লড়ছে লেজিয়েস্ট পারসন অব মন্টিনিগ্রো খেতাব বিজয়ী হতে। নিজের গুণের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে প্রতিযোগিতায় বিজয়ী হতে চান অনেকেই। আর বিজয়ীর প্রথম শর্ত হলো অলসতা ত্যাগ করে পরিশ্রম করা। তবে ইউরোপীয় বলাকান রাষ্ট্র মন্টিনিগ্রোতে অলসতা প্রদর্শন করার জন্যই অদ্ভুত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দেশের সেরা অলসের জন্য পুরস্কার হিসেবে থাকছে ৩৫০ ডলার, যা ভারতীয় টাকায় প্রায় ৩০ হাজার টাকা। আর লেজিয়েস্ট পারসন অব মন্টিনিগ্রো খেতাব। লেটেস্ট ভার্সন অফ মন্টিনিগ্রো শিরোনামে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন পাঁচ প্রতিযোগী। শেষ পর্বে লড়াই হিসেবে তাদের শুয়ে থাকতে হবে অন্য চারজনের উঠে পড়ার আগ পর্যন্ত।
একমাত্র প্রাকৃতিক কর্ম সারার জন্যই প্রতিযোগিরা বিছানা ছেড়ে উঠতে পারবেন। এছাড়া বাকি সব কাজ এমনকি খাওয়া-দাওয়া করতে হবে বিছানাতেই। মন্টিনিগ্রোতে প্রতিবছরই আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। বিস্ময়কর ব্যাপার প্রতিবছর অনেকেই আসেন নিজেকে দেশ সেরা প্রমাণ করতে। ২০২০ সালে মহামারির কারণে প্রতিযোগিতা বন্ধ ছিল। ২০১৯ সালের যিনি এই আয়োজনে জয়ী হয়েছিলেন তিনি সাত দিন পর্যন্ত শুয়েছিলেন মাঠে।
এবারের প্রতিযোগীদের একজন বলেন কিছুদিন বিশ্রাম নিতে তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এছাড়া জোরালো প্রতিযোগিতার বার্তা দিয়েছেন প্রতিদ্বন্দ্বীদের। অন্য এক প্রতিযোগী বলেন, 'সবার সঙ্গে মজা করে সময় কাটাতে এসেছি এখানে। তবে পুরস্কারের অংকটা বেশ ভালো। জিততে পারলে খুশি হবো।' আরেক প্রতিযোগী বলেন, 'প্রথমবার এ প্রতিযোগিতায় অংশ নিলাম। আমার বিশ্বাস এবারের বিজয়ী আমিই হবো। বিরোধীদের বলবো এখনই বাড়ি ফিরে যান।'





Post a Comment