এবার বাজারে এল সোনার আইসক্রিম
ODD বাংলা ডেস্ক: আইসক্রিম! এই একটি শব্দেই কিন্তু কাত আট থেকে আশি। একটু ঠান্ডার শিরশিরানি, একটু মিষ্টি স্বাদের ছোঁয়া। আইসক্রিম মানেই যে ভরপুর আনন্দ। গ্রীষ্ম হোক বা বর্ষা, বসন্ত হোক বা শীত, নিত্যনতুন আইসক্রিমের প্রেমেই মজে থাকেন অনেকেই। আমেরিকায় তো আবার জুলাই মাসটিকেই আইসক্রিমের মাস আখ্যা দেওয়া হয়। যা প্রচলন করে গিয়েছিলেন রোনাল্ড রেগন। শোনা যায়, ১৯৫০ সালে আইসক্রিমের প্রেমে ব্রিটেনে আইসক্রিম গবেষকদের দলে ভিড়ে গিয়েছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। আবার, ১৯৯০ সালে মাইক্রোসফট সংস্থার চমকপ্রদ সাফল্য উদযাপনে সকল কর্মীকে বিল গেটসের আইসক্রিম খাওয়ানোর কথা তো সর্বজনবিদিত। আইসক্রিমপ্রেমীদের জন্যই এবার তৈরি হয়েছে খাঁটি সোনার আইসক্রিম। ভাবুন দেখি একবার, আইসক্রিম তাও আবার সোনার! এর রহস্য উদ্ঘাটনে বিদেশ যাত্রা করতে হবে না। এই কনসেপ্ট এক্কেবারে ভারতীয়। মিলবে হায়দরাবাদের হাবার অ্যান্ড হোলিতে। সেখানেই পাওয়া যাচ্ছে ২৪ ক্যারেট গোল্ড প্লেটেড আইসক্রিম। কিছুদিন আগে যেমন সোনায় মোড়া পিৎজা এবং বার্গারের হদিশ পাওয়া গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার এল সোনায় মোড়া আইসক্রিমের খোঁজ। সুন্দরভাবে সাজিয়ে পাতে পরিবেশন করে দেওয়া হচ্ছে।
সম্প্রতি ফুড ব্লগার অভিনব জেসওয়ানির আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে বিশেষ এই আইসক্রিমটিকে। একটি কোনের উপর একাধিক উপকরণ দিয়ে আইসক্রিমটিকে গার্নিশ করা হয়েছে। যার মধ্যে বেলজিয়াম চকোলেট, টুটি-ফ্রুটি, চকোলেট সস, চকোলেট চিপসের মতো লোভনীয় উপকরণ রয়েছে। এমনকী একটি চকোলেটের চামচও দেওয়া হচ্ছে। আর সবশেষে আইসক্রিমের কোনের উপরেই জড়িয়ে দেওয়া হচ্ছে ২৪ ক্যারেট সোনার প্লেট। সেই স্বর্ণ আস্তরণের উপরও নানা টপিং দিয়ে সাজিয়ে রাজকীয়ভাবে সেটিকে সার্ভ করা হচ্ছে। সোনার এই আইসক্রিমটির নাম দেওয়া হয়েছে, ‘মিনি মিডাস’। আর দাম প্রায় ৫০০ টাকার মত। পাশাপাশি আরও এক ধরনের গোল্ড প্লেটেড আইসক্রিমও পাওয়া যাচ্ছে এখানে। যার নাম ‘মাইটি মিডাস’।





Post a Comment