মুলার কোফতা কারি

 


ODD বাংলা ডেস্ক: শীতের সবজি মুলা। এখন দামেও কম। খাবার টেবিলেও তাই মুলার তরকারি প্রায় প্রতিদিনই থাকে। মুলার শাক হোক কিংবা মুলা দিয়ে সবজি, মাছ রান্না সবভাবেই বাঙালিদের পছন্দ। কাঁচা মুলাও ভাতের সঙ্গে চিবিয়ে খেতে পছন্দ করে অনেকে। 

তবে মুলার নাম শুনে অনেকে একদম মুখ কুঁচকে নেন! তাদের কাছে মুলার গন্ধও পছন্দ না। মুলার এই গন্ধ এড়াতে গতানুগতিক রান্না থেকে ব্যতিক্রম কিছু বানিয়ে নিন, যা স্বাদেও চমৎকার হবে। ব্যতিক্রম পদটি হলো মুলার কোফতা কারি। এটি খেতে খুবই সুস্বাদু। রান্না করাও সহজ। চলুন তবে জেনে নেয়া যাক মুলার কোফতা কারি রান্নার রেসিপিটি-  


উপকরণ: মূলা ছোট টুকরা করা আধা কেজি, কোরানো নারকেল এক টেবিল চামচ, বাদাম আধা টেবিল চামচ, বেসন দুই টেবিল চামচ, গরম মশলা এক চা চামচ, লাল মরিচ দুইটি, কাঁচা মরিচ একটি কুচি করা, পেঁয়াজ ছয়টি (একটি কুচি করা, তিনটি বড় টুকরা করা, দুই টেবিল চামচ পেঁয়াজবাটা), ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল-(ডিপ ফ্রাই-এর জন্য), লাল মরিচ চারটি গ্রাইন্ড করা, রসুন বাটা এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, হলুদ আধা চা চামচ, তেল ১.৫ টেবিল চামচ, টক দই ১২৫ মিলি, গরম মশলা এক চা চামচ, এলাচি চারটি

আদা কুচি এক চা চামচ, জল আধা কাপ।

 

প্রণালী: প্রথমে একটি পাত্রে জল নিয়ে তাতে মুলার টুকরাগুলো সেদ্ধ করুন। সেদ্ধ করার পর ব্লেন্ডারে পিষে নিন। একটি বাটিতে তুলে রাখুন। কুচি করা কাঁচা মরিচ, পেঁয়াজ ও ধনেপাতা এবং লবণ মুলার সঙ্গে ভালো করে মেশান। ছোট ছোট গোল গোল কোফতা বল তৈরি করে নিন। গরম ডুবো তেলে সোনালি করে ভাজুন।


এবার নারকেল, বাদাম, গরম মসলা, বেসন এবং লাল মরিচ একসঙ্গে ব্লেন্ড করুন। এতে লবণ, রসুন, ধনিয়া গুঁড়া এবং হলুদ মেশান। চুলায় একটি পাত্রে তেল দিন। এতে বড় পেঁয়াজ কুচি ও পেঁয়াজবাটা দিন। কিছুক্ষণ নেড়ে ঐ মিশ্রণটি মিশিয়ে দিন। মৃদু আঁচে ৫ মিনিট রান্না করুন। এরপর দই, গরম মসলা, এলাচ এবং আদাকুচি দিন। ভালো করে নেড়ে আধা কাপ জল ঢালুন। মৃদু আঁচে তিন মিনিট রান্না করুন। কোফতা বলগুলো এতে দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করুন। তৈরি হয়ে গেল মূলার কোফতা কারি। ভাত, পোলাও কিংবা নান রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.