বিকেলের ব্রেকফাস্টে ঝাল ঝাল মজাদার মাংস পুলি

 


ODD বাংলা ডেস্ক: পিঠা বাঙ্গালির সবসময়ই একটি পছন্দের খাবার। ছোট বড় সবাই এটি খেতে পছন্দ করে। অনেকেই মনে করেন পিঠা বানানো অনেক ঝামেলার একটি কাজ। তবে ঝামেলা বাদ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন মাংস পুলি। বিকেলের নাস্তার জন্য খুব সহজেই তৈরি করা যায় এই পিঠা। খেতেও সুস্বাদু। চলুন তবে জেনে নেয়া যাক ঝাল ঝাল মাংস পুলি পিঠা তৈরির রেসিপিটি-  

উপকরণ: ময়দা তিন কাপ, বেকিং পাউডার সামান্য, ঘি ছয় টেবিল চামচ, তেল ভাজার জন্য।


পুরের জন্য: গরু অথবা যে কোনো মাংসের কিমা, সামান্য তেল, আদা-রসুন বাটা আধা চামচ, পেঁয়াজ কুচি একটি , ধনিয়া-জিরা-মরিচ-গরম মশলা গুঁড়া আধা চামচ করে, আলু-মটরশুঁটি ও লবণ দিয়ে রান্না করে নিন।


প্রণালী: খামির তৈরিতে ময়দা বেকিং পাউডার ও চাইলে সামান্য লবণ দিয়ে মিশিয়ে ঘি দিয়ে মেখে নিন। এরপর প্রয়োজন মতো জল অল্প অল্প করে দিয়ে পরোটার মতো খামির বানিয়ে রেখে দিন ১৫ মিনিট। এবার টেবিলে কিছু ময়দা ছড়িয়ে খামিরটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিন। রুটি যত পাতলা হবে আপনার পিঠার খোলস তত সুন্দর হবে। দুই টেবিল চামচ ঘি + দেড় টেবিল চামচ ময়দা মিলিয়ে একটা গোলা বানিয়ে নিন। এই গোলাটা বেলে রাখা রুটির উপর আলতো করে মেখে নিন। এবার রুটিটা একপাশ থেকে মোড়াতে থাকুন।


পুরোটা মোড়ানো হলে ছুরি দিয়ে এক ইঞ্চি মাপে পিস পিস করে কেটে নিন। তারপর হাত দিয়ে হালকা একটু চেপে দিন। তারপর বেলে ছোট ছোট রুটির মতো করে ভেতরে মাংসের পুর ভরে মুখ আটকে দিন। চাইলে কোণগুলো মুড়িয়ে ডিজাইন করে দিতে পারেন। ডুবোতেলে সময় নিয়ে সবগুলোকে সোনালী করে ভাজুন। গরম গরম চাটনির সঙ্গে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.