গর্ভবতীর মাথায় পেরেক ঢুকিয়ে ছেলে সন্তান হওয়ার গ্যারান্টি দিলেন কবিরাজ
ODD বাংলা ডেস্ক: ছেলে সন্তানের জন্য মানুষজন যে কত কিছুই না করে। তেমনই এক নারী ছেলে সন্তানের আশায় এক কবিরাজের কাছে গিয়েছিলেন। সেই কবিরাজ ওই গর্ভবতী নারীর মাথায় হাতুড়ি দিয়ে পেরেক ঠুকে দেন। আর তার একটি ছেলে সন্তান হবে বলে গ্যারান্টি দেন।
দক্ষিণ এশিয়ায় মেয়ের চেয়ে ছেলে সন্তানের প্রতি বাবা-মায়ের আকর্ষণ বেশি। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায়, মেয়ের পরিবর্তে ছেলে সন্তান প্রাপ্তির জন্য অনেক কিছুই করেন সন্তানপ্রত্যাশী দম্পতি।
কিন্তু সম্প্রতি আজব এক ঘটনার মুখোমুখি হন পাকিস্তানের একজন চিকিৎসক। দেশটির উত্তরাঞ্চলীয় শহর পেশাওয়ারের একটি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন মাথায় পেরেক ঢোকানো এক নারী। নিজে নিজে সেটা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ডাক্তার দেখাতে আসেন তিনি।
বার্তা সংস্থা এএফপিকে ওই হাসপাতালের একজন চিকিৎসক হায়দার খান জানান, ওই নারী পুরোপুরি সচেতন ছিলেন। কিন্তু তার প্রচণ্ড ব্যথা হচ্ছিল। শেষপর্যন্ত এই পেরেকটি বের করেন হায়দার খান।
ডা. হায়দার বলেন, ওই নারী তিন সন্তানের মা। তারা সবাই মেয়ে। তিনি আবারও গর্ভবতী হলে সেটিও মেয়ে বলে জানা যায়।
ওই নারীর কপালে দুই ইঞ্চির ওই পেরেক ঢোকানো হয়। এক্স-রেতে দেখা যায়, অল্পের জন্য ব্রেন মিস করেছে সেই পেরেক। ডা. হায়দার জানান, একটি হাতুড়ি বা অন্য বস্তু দিয়ে এই পেরেক ঢোকানো হয়েছিল তার কপালে।
হাসপাতালে আসার পর ওই নারী প্রথমে বলেছিলেন, কবিরাজের পরামর্শে তিনি নিজেই হাতুড়ি দিয়ে পেরেক ঢুকিয়েছিলেন। পরে অপারেশনের আগে জানান, কবিরাজ এমন কাজ করেছে।
এখন ওই কবিরাজকে ধরতে ওই নারীকে খুঁজে বের করার চেষ্টা করছে পেশাওয়ারের পুলিশ। শহরের পুলিশ প্রধান আব্বাস আহসান এএফপিকে বলেন, আমরা হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। খুব শিগগিরই ওই নারীকে খুঁজে পাব বলে আশা করছি। এরপর ওই কবিরাজকে ধরব আমরা।





Post a Comment