‘গুগল ক্রোম’ ৮ বছর পর লোগোয় পরিবর্তন আনলো
ODD বাংলা ডেস্ক: আট বছর পরে নতুন লোগো পেলো গুগল ক্রোম। তবে লোগোটির পরিবর্তন এতো সূক্ষ্ম যে মনোযোগ দিয়ে খেয়াল না করলে ধরা যায় না। এর আগে ২০১৪ সালে লোগো বদলে ছিল ক্রোম।
রবিবার গুগল ক্রোমের লোগো ডিজাইনার এলভিন হু এক টুইটে গুগল ক্রোমের লোগো পরিবর্তনের কথা জানিয়েছেন।
নতুন লোগোতে থাকছে একটি বড় নীল সার্কেল এবং পুরনো লোগোর থেকে আর একটু পরিচ্ছন্ন ডিজাইন। নতুন লোগোতে যে রঙগুলো দেওয়া হয়েছে, সেগুলো আগের তুলনায় আরও উজ্জ্বল। নতুন লোগোর বর্ডারে কোনো শ্যাডো নেই। বর্ডারগুলোকে পুরোপুরি সমান বা ফ্ল্যাট করে দেওয়া হয়েছে।
এলভিন হু টুইটে বলেন, ‘আমরা ব্র্যান্ড আইকন থেকে শ্যাডো সরিয়ে আইকনে ব্যবহৃত তিনটি রঙ আরও উজ্জ্বল করেছি যাতে এটা গুগলের অত্যাধুনিক অভিব্যক্তির সঙ্গে মানানসই হয়।’
গুগল ২০০৮ সালে ইন্টারনেট ব্রাউজার ক্রোম নিয়ে আসে। তখন থেকেই লোগোর ডিজাইন ও প্রধান বিষয়গুলো অপরিবর্তিত রয়েছে। ২০১১ ও ২০১৪ সালে কিছু বদল ঘটলেও মূল রূপ একই থাকে।





Post a Comment