ফুল এনেছে ফুলের ব্যস্ততা
ODD বাংলা ডেস্ক: ফুলের মতো শিশুদের হাতে ফুল। এই ফুল বিক্রির জন্য রাজপথে দাঁড়িয়েছে তারা। বসন্ত চলছে, মানুষও ফুল কিনছে তাইতো বেড়েছে ওদের ব্যস্ততাও। ওরা ছুটে যায় পথে চলা মানুষের কাছে, আবদার করে বলে- ‘একটা ফুল নিন’।
কারো হাতে গোলাপ, কারো হাতে হরেক ফুলের তোড়া। শাহবাগের ফুল বাজার আনা এসব ফুল বিক্রির জন্য দিনভর চেষ্টা চালায় ওরা। কেউ ফুল নেয়, কেউ বা ফিরেও তাকায় না। আবার কেউ কেউ আছেন, ফুলের মতো শিশুর হাতে তুলে দেন অতিরিক্ত টাকা। এভাবেই এসব শিশু উপার্জন করে বাবা-মার হাতে তুলে দিচ্ছে অর্থ, যা সংসার চালাতে কাজে লাগছে।
ঢাকা শহরের বিভিন্ন সিগনাল ও পার্কে বিশেষ করে বিজয় সরণি, ফার্মগেট, পান্থপথ সিগনাল, খামারবাড়ি, সংসদ ভবনের সামনে, বসুন্ধরা সপিং মলের সামনে, শাহবাগ, গুলিস্তান, টিএসটি, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি ৩২, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেনসহ বিভিন্ন স্থানে হাতে নিয়ে ফুল বিক্রি করতে দেখা যায় অনেক শিশুকে।
প্রতিবছর বসন্ত ও ভালোবাসা দিবসকে রাঙাতে রঙ-বেরঙের ফুলের কদর বাড়ে। ভালোবাসার দুদুটি দিবসে ফুল দেয়া-নেয়ার মধ্য দিয়ে চলে ভালোবাসার আদান-প্রদান। লাল-হলুদ-বেগুনি গোলাপ, ডালিয়া, ডায়ানথাস, চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, গাঁদাসহ নানা ফুল শোভা পাবে মানুষের হাতে, কিশোরী-তরুণীদের খোঁপায় কিংবা মাথার টায়রায়।
সব আবেদন, অনুরাগ, শ্রদ্ধা আর ভালোবাসার বহিপ্রকাশের বড় মাধ্যম হয়ে ওঠে ফুল। সেই চাহিদা মেটাতেই বাড়ে ফুল বিক্রেতা। এ সময়ই এসব শিশুরা হয়ে ওঠে ফুল ব্যবসায়ি। লাল, হলুদসহ নানা রঙের চোখ জুড়ানো তাজা ফুলে সেজেছে বাংলাদেশ। সেই ফুল যেন এ সময়ে হাত রাঙায় এসব শিশুদের।





Post a Comment